বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি কাকে প্রার্থী হিসেবে দাঁড় করাবে তা এখনও ধোঁয়াশায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই হাতিয়ার করে বাংলার গদি দখল করতে চাইছে গেরুয়া শিবির। নাড্ডা যতই বিজেপির সর্বভারতীয় সভাপতি হন না কেনও আসল মুখ সেই প্রধানমন্ত্রীই।
আর তাই বাংলার মসনদ জিততে বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে এক ডজন র্যালি করানোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি।
অন্যান্য চার রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি দফায় ভোট হচ্ছে বাংলায়। এই নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ৮ দফায় হবে বিধানসভা নির্বাচন। আর এই ৮ দফায় অন্তত ১২টি র্যালি বাংলায় করার জন্য ১২টি তারিখ জোগাড় করতে তৎপর হয়ে উঠেছে রাজ্য বিজেপি শিবির। রাজ্য পার্টি আশা করছে, বিহারে যেসব জায়গায় প্রধানমন্ত্রী প্রচারে গিয়েছিলেন সেখানে ভাল ফল করেছে দল। তাই বাংলার একাধিক জায়গায় প্রধানমন্ত্রীকে দিয়ে সভা–সমাবেশ–র্যালি করানো হোক। যদিও সেই তারিখগুলি এখনও ঠিক হয়নি।
বাংলার বিজেপির তরফে প্রস্তাব দেওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালির তারিখ ঘোষণা করা হবে। প্রতি দফায় দুটো করে অর্থাৎ ৮ দফায় ১৬টি র্যালি করানোর কথা ভাবা হয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। অসমের ক্ষেত্রে ৬টি র্যালি করা হতে পারে। সেখানে তিন দফায় ভোট। তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরীতে এক দফায় নির্বাচন। সেখানেও প্রধানমন্ত্রীকে দিয়ে র্যালি করানো হতে পারে।
আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!
যদিও এখন দেশের চোখ রয়েছে আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কলকাতায় ব্রিগেড সমাবেশের ওপর। ১০ লক্ষ মানুষের জামায়াতের দাবি করেছে বিজেপি। এরই মধ্যে আজ অথবা কাল বিজেপি নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলেও খবর।






