১৫ বছরের তৃণমূল জমানার অবসানের পর ইতিহাস গড়তে চলেছে বিজেপি! মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম চূড়ান্ত, ব্রিগেডে শপথের আগে কি ফাঁস হলো মন্ত্রিসভার তালিকা, কার হাতে কোন মন্ত্রক?

আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। সকাল থেকেই ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)র। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং নীশীথ প্রামাণিক (Nisith Pramanik) সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা। আগামীকাল মুখ্যমন্ত্রীর শপথের পাশাপাশি কারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, কে কোন দফতরের দায়িত্ব পেতে পারেন, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বাংলার মসনদে এসেছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিল্লি ও কলকাতার মধ্যে দফায় দফায় বৈঠক চলে। শুক্রবার বিকেলে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে অংশ নেন অমিত শাহ। সূত্রের খবর, সেই বৈঠক থেকেই কার্যত চূড়ান্ত করা হয় মুখ্যমন্ত্রীর নাম। নিশ্চিতভাবেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্ভাব্য রূপরেখাও তৈরি হয়েছে বলে খবর।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের ধাঁচে বাংলাতেও থাকতে পারেন দু’জন উপমুখ্যমন্ত্রী। সম্ভাব্য তালিকায় উপমুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি যে দুই নাম উঠে আসছে, তারা হলেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। একদিকে সংগঠনের পুরনো মুখ দিলীপ ঘোষ, অন্যদিকে মহিলা নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ অগ্নিমিত্রা, এই দুই নেতাকে সামনে রেখে বিজেপি সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় একাধিক পরিচিত মুখের নাম ঘুরছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মন্ত্রী হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ এবং নিশীথ প্রামাণিক। পাশাপাশি সৌরভ শিকদার, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, দীপাঞ্জন চক্রবর্তী এবং জুয়েল মুর্মুর নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের প্রতিনিধিত্ব বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। সেই কারণেই নমন রাই, দীপক বর্মন এবং বঙ্কিম ঘোষের মতো নেতাদের নামও সম্ভাব্য তালিকায় উঠে এসেছে বলে খবর।

শুধু তাই নয়, কলকাতা ও শহরতলির সাংগঠনিক নেতৃত্ব থেকেও কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নতুন সরকারে অভিজ্ঞতা ও নতুন মুখ দুইয়ের মিশ্রণ রাখতেই এই ধরনের তালিকা তৈরি করা হয়েছে। তবে শেষ মুহূর্তে একাধিক চমকও থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিধানসভার স্পিকার পদেও বড় চমক দিতে পারে বিজেপি। সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দেখা যেতে পারে তাপস রায়কে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে স্পিকার করা হলে বিধানসভা পরিচালনায় বিজেপি বাড়তি সুবিধা পাবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিজেপি নেতৃত্বও এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ।

আরও পড়ুনঃ নতুন সরকার শপথের আগেই বাংলার জন্য ২৭০০ কোটি টাকার জল জীবন মিশন প্রকল্পে বড় ঘোষণা বিজেপির!

তবে গোটা বিষয়টিই এখনও সম্ভাবনার স্তরেই রয়েছে। শনিবার শপথগ্রহণের মঞ্চ থেকেই আসল চিত্র স্পষ্ট হবে। কে কোন মন্ত্রক পাচ্ছেন, কারা শেষ মুহূর্তে বাদ পড়ছেন সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল। তবু রাজনৈতিক উত্তেজনার পারদ এখনই তুঙ্গে। ব্রিগেডে বিজেপির প্রথম সরকার শপথ নেওয়ার আগেই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর