একদিকে ছবি মুক্তির উত্তেজনা, অন্যদিকে অস্বস্তি আর আতঙ্ক। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে ফের বিতর্কে জড়াল। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ কর্মকর্তারা নাকি রাজ্যের থিয়েটার মালিকদের হুমকি দিচ্ছেন যাতে তাঁরা ছবিটি না দেখান। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গন থেকে সাংস্কৃতিক মহল সব জায়গায় শুরু হয়েছে গুঞ্জন।
মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক অগ্নিহোত্রী জানান, তাঁর ছবির প্রযোজকরা ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ সরকার যা করছে, তা অবৈধ এবং অসাংবিধানিক।” তিনি আরও জানান, আগামী দিনগুলিতে পরিস্থিতি কেমন হয়, তার উপর নির্ভর করে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। শুধু তাই নয়, অগ্নিহোত্রী দাবি করেছেন, একাধিক থিয়েটার মালিক এবং বড় বড় মাল্টিপ্লেক্স চেইনের কর্তারা নাকি তাঁকে জানিয়েছেন, পুলিশ তাঁদের ভয়ঙ্কর পরিণতির কথা বলে সতর্ক করেছে।
আসলে ছবির বিতর্ক শুরু হয়েছিল অনেক আগেই। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষ মুহূর্তে অনুমতি বাতিল হওয়ায় ভেস্তে যায়। পরে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে দিতে বাধ্য হন আয়োজকরা। এখন আবার মুক্তির মুখে এসে নতুন করে ওঠে রাজনৈতিক চাপের অভিযোগ। অগ্নিহোত্রীর বক্তব্য, বাংলার দর্শকরা এই ছবি দেখতে চায় বলেই এটি বাংলায় ডাব করা হয়েছে। কিন্তু সরকারের এই মনোভাব সাধারণ মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করছে।
এই অবস্থায় প্রযোজক পল্লবী যোশী যিনি ছবিতে অভিনয়ও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠিয়ে সরাসরি হস্তক্ষেপের আবেদন করেছেন। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সিনেমার মাধ্যমে দেখতে চান। অথচ সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হলে তা গণতন্ত্রের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার সমান।
আরও পড়ুনঃ Rape case : ‘আরজি কর করে দেব’— ১৯ বছরের তরুণীকে রাতের অন্ধকারে ধর্ষ*ণ, আতঙ্কে গৃহবন্দি পরিবার!
‘দ্য বেঙ্গল ফাইলস’ অগ্নিহোত্রীর ‘ফাইলস ট্রিলজি’-র শেষ অধ্যায়। এর আগে মুক্তি পেয়েছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং বহুল আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২)। নতুন ছবিটি ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতায় সংঘটিত ভয়াবহ দাঙ্গা—যা ইতিহাসে ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ নামে পরিচিত—তার উপর ভিত্তি করে তৈরি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমারসহ একঝাঁক অভিনেতা। বাংলার পক্ষ থেকে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাশের মতো শিল্পীরা। ছবিটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগে তৈরি হওয়া বিতর্কই এখন মূল আলোচনার বিষয়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!