ভারতের বাণিজ্যনগরী মুম্বইতে ফের আতঙ্কের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে প্রশাসন সবার মনে প্রশ্ন, শহরের নিরাপত্তা আদৌ কতটা সুরক্ষিত? সম্প্রতি এক উড়ো ফোনের পরিপ্রেক্ষিতে গোটা শহর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকির বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না।
শুক্রবার মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ছক কষা হয়েছে। ঠিক কী ধরণের হামলার পরিকল্পনা করা হয়েছে, প্রথমে তা স্পষ্ট না হলেও, কয়েক মিনিটের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পুলিশ সঙ্গে সঙ্গে গোটা শহরে হাই অ্যালার্ট জারি করে।
পরবর্তীতে জানা যায়, ফোনে দাবি করা হয়েছিল ৩৪ জন মানব বোমা (Human Bomb) শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের গাড়িগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। এমনকি হুমকিদাতা জানিয়েছে, ৪০০ কেজি আরডিএক্স (RDX) ব্যবহার করে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে। এতটাই ভয়ঙ্কর এই বার্তা যে বলা হয়েছে, প্রয়োজনে এক কোটিরও বেশি মানুষের মৃত্যু ঘটানো হতে পারে।
এই হুমকির পিছনে ‘লস্কর-ই-জিহাদি’ নামক সংগঠনের উল্লেখ করা হয়েছে। পুলিশের সূত্রে খবর, অনন্ত চতুর্দশীর আগে এই হামলার ছক কষা হয়েছে বলে দাবি করা হয়েছে ফোনে। যদিও পুরো ঘটনার সত্যতা নিয়ে তদন্ত চলছে, কিন্তু অভিজ্ঞরা বলছেন এ ধরণের উড়ো ফোনকে কখনওই অবহেলা করা যায় না। তাই রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ The Bengal Files : ‘‘পশ্চিমবঙ্গ সরকার যা করছে তা অবৈধ’’— বিস্ফোরক অভিযোগ অগ্নিহোত্রীর, বেঙ্গল ফাইলস মুক্তি ঘিরে চাপে হল মালিকরা!
এর আগেও একাধিকবার মুম্বই এবং আশেপাশের এলাকায় একই ধরণের ভুয়ো হুমকি পাওয়া গিয়েছে। কখনও ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, কখনও বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর সতর্কবার্তা। সম্প্রতি থানে জেলায় এক ব্যক্তিকে এমন ভুয়ো ফোন দেওয়ার অভিযোগে গ্রেফতারও করা হয়। তবুও প্রতিবারই আতঙ্ক বাড়ছে, কারণ উড়ো হুমকি হলেও তার আড়ালে বাস্তবিক বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।





