মেলেনি আমফানের ত্রাণ, ক্ষতিগ্রস্তদের ওপর হামলার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে

গত ২০ শে মে বাংলার বুকে আঁচড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণীঝড় আমফান। তারপর কেটে গেছে দুটো মাস। সরকারের তরফে কবেই দেওয়া হয়েছে ত্রাণের টাকা। কিন্তু নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁরা এখনো তা পাননি। উপরন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার অনুগামীরা, এমনটাই অভিযোগ করলেন গ্রামবাসীরা।

নন্দীগ্রামের ডিহি, জামতলা গ্রামের গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ঘূর্ণিঝড়ে যারা সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা এখনো কোনো ক্ষতিপূরণ পাননি। তাই তাঁরা নিকটবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজেদের দাবি নিয়ে একটি সভার আয়োজন করেন। তাঁরা অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার অনুগামীদের বিরুদ্ধে। তাঁদের দাবি, সভা চলাকালীন তাঁদের ওপর হামলা চালায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার অনুগামীরা। এমনকি কটূক্তি ও মারধরও চালায় তারা। এরপর পরিস্হিতি সামাল দিতে সেখানে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং বৈঠককারীরা নিজেদের বাড়ি ফিরে যান।

কিন্তু তাঁরা বাড়ি চলে গেলেও তাদের বাড়িতে পুনরায় হামলা চালায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের দল। কিন্তু এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন গ্রামপঞ্চায়েত সদস্যা। তাঁর বক্তব্য, তাঁর বাড়িতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বৈঠক হচ্ছিল যেখানে গ্রামবাসীরা এসে হামলা চালায়। এছাড়া বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগও করেন তিনি। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

RELATED Articles

Leave a Comment