তাক লাগালেন তাঁরা। গর্বিত বাংলা। বিশ্বে প্রথম সস্তা, বহনযোগ্য ও ছোট করোনা পরীক্ষা যন্ত্র আবিষ্কার করে চমক লাগিয়ে দিলেন খড়গপুর আইআইটির গবেষকরা। শুধুমাত্র তাই নয় এই আধুনিক যন্ত্রের মাধ্যমে অত্যন্ত কম খরচে করোনা পরীক্ষা করা যাবে বলে দাবি করেছেন খড়গপুর আইআইটির গবেষকরা। বর্তমান বাজারে যেখানে একটি আর টিপিসিআর যন্ত্র কিনতে যেখানে খরচ হয় প্রায় ১৫ লক্ষ টাকা, সেখানে মাত্র ২ হাজার টাকায় এই যন্ত্র পাওয়া যাবে। আর এই যন্ত্রের সাহায্যে করোনা পরীক্ষা করারও বিশেষ ঝামেলা নেই বলেই জানাচ্ছেন গবেষকেরা। আর এই যন্ত্রের মাধ্যমে করোনা পরীক্ষার পর রিপোর্ট হাতে পেতে সময় লাগবে মাত্র একটি ঘন্টা। দেশের যেকোনও প্রান্তে কম ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা বা ব্যাটারি কিংবা সৌরবিদ্যুতে সেরে ফেলা যাবে করোনা পরীক্ষা। শনিবার দুপুরে খড়গপুর আইআইটি চত্বরে প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির উপস্থিতিতে এই নব আবিষ্কৃত যন্ত্রটির উদ্বোধন করা হয়েছে।

এই প্রতিষ্ঠানের স্কুল অফ বায়ো সায়েন্সের অধ্যাপক ও জীবাণু গবেষক অরিন্দম মণ্ডল বলেন, “আমরা ৫০০ সিনথেটিক নমুনা একইসঙ্গে আর টিপিসিআর এবং আমাদের এই পোর্টেবল মেশিনে পরীক্ষা করেছি। দেখা গিয়েছে দু’পক্ষই সমান ফলাফল দেখিয়েছে। যেহেতু সরাসরি মানবদেহের নমুনা পরীক্ষা করার অধিকার আমাদের নেই, তাই আমরা সিনথেটিক নমুনা ব্যবহার করেছি। আমাদের স্থির বিশ্বাস আইসিএমআর মানবদেহের নমুনা এই মেশিনে প্রয়োগ করলে একই ফল পাবে।”
খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির কথায় “কোভিড পরীক্ষায় এই যন্ত্রের আবিষ্কার প্রতিষ্ঠানের একটি মাইল ফলক হিসাবে বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”





