ট্রেন, বাস অনেক হলো! নিত্য যাতায়াতে এবার আসছে রোপওয়ে, মনোরেল! ভাবনাচিন্তা শুরু রাজ্যের

রাজ্যের পরিবহন ব্যবস্থায় এবার নতুন চমক আনতে চলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্রেন, বাস এগুলোতো নিত্য যাতায়াতের জন্য আমাদের প্রধান ভরসা! তবে এবার গণপরিবহনের ক্ষেত্রে আসতে পারে রোপওয়ে, মনোরেল!

ইতিমধ্যে কলকাতা ও আশেপাশের এলাকায় মেট্রো রেল সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নর্থ–সাউথ মেট্রো প্রকল্পের সঙ্গেই ইস্ট–ওয়েস্ট মেট্রো, জোকা–বিবাদীবাগ মেট্রো প্রকল্প সহ একাধিক মেট্রো প্রকল্প রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর পরিবহন মন্ত্রী।

ফিরহাদ হাকিমের কথায়, রাজ্যের পরিবহণকে কীভাবে ঢেলে সাজানো যায়, সেইকথা ভাবা হচ্ছে। যেখানে মেট্রো পৌঁছোবে না, সেখানে লাইট ট্রান্সপোর্ট অর্থাৎ রোপওয়ে, মনোরেল চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র সড়কপথ নয়, ঢেলে সাজানো হবে জলপথ পরিবহনকেও। এই বিষয়ে ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছে রাজ্য।

পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে মেট্রো রেল প্রকল্পের নির্মাণকারী সংস্থাগুলির কাছে রাজ্যের তরফে জানতে চাওয়া হয়, কবে কোন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রসারিত মেট্রো রেল প্রকল্পের কাজ শেষের ওপরেই নির্ভর করছে গণপরিবহণের ক্ষেত্রে নতুন রূপরেখা তৈরির ভবিষ্যৎ। এই প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, মেট্রো রেলের সঙ্গে কথা বলেছি।‌‌ যে প্রকল্পগুলি এখন‌ও চালু রয়েছে, সেগুলি কবে শেষ হবে তা রাজ্যের তরফে জানতে চাওয়া হয়েছে।

RELATED Articles