ভোটের দামামা বাজিয়ে রাজ্যে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। বাংলা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে আর হাতে মাত্র তিন দিন। এরইমধ্যে এবার লড়াই বেঁধেছে পোস্টারে-পোস্টারে।
‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’, এই প্রবাদ এবার বাস্তব হয়ে উঠেছে বাংলার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। যুদ্ধ ছাড়া কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগানে যখন মজেছে পশ্চিমবঙ্গীয় রাজনীতি তখনই আবার এক নতুন স্লোগানে ভরসা করে ময়দানে নামছে রাজ্যের শাসক দল। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই নয়া স্লোগানেই ফের পোস্টার তৈরি ঘাসফুল শিবিরের।
মমতাই যে তৃণমূলের প্রধান মুখ, তৃণমূলের টলমল তরীকে এখন বাঁচাতে পারে একমাত্র বাঙালির মমতা আবেগই তা ভালোভাবেই জানে রাজ্যের শাসক দল। আর তাই ‘বহিরাগত’ বিজেপির সঙ্গে লড়াইয়ে নিজের মেয়েকেই তাই হাতিয়ার তৃণমূলের।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার গদি হাতাবে কে তার উত্তর দেবে বাংলার জনতাই। কিন্তু বাঙালির মন জিততে কসুর করছে না কোনও রাজনৈতিক দলই।
সাংস্কৃতি প্রিয় বাঙালির ভোট পেতে রাজনৈতিক দলগুলির ঘুঁটি এখন স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ। ভোট বাক্সে জয় পেতে প্রতিটি দলই জোর দিয়েছে বাংলা ও বাঙালির আবেগে। এ ক্ষেত্রেও বাংলা ও বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে স্লোগান তৈরি করেছে শাসক দল। আজ শনিবার এই ধরনের বিভিন্ন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে দলের তরফে।





