গত কয়েকদিন ধরেই রাজ্যের আকাশ মুখ ভার করে রয়েছে। কখনও টিপটিপ, কখনও বা একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি—একটানা এই আবহাওয়া যেন থামতেই চাইছে না। আজ বুধবারও সকাল শুরু হয়েছে মেঘলা আকাশ আর বৃষ্টির হাত ধরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ পশ্চিমবঙ্গের ১১টি জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। সেই সঙ্গে রয়েছে একটি অক্ষরেখা, যা উত্তর-পূর্ব আরব সাগর থেকে শুরু হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। তার একাংশ পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। মৌসুমি অক্ষরেখাটিও দিঘা হয়ে শ্রীগঙ্গানগর পর্যন্ত ছড়িয়েছে। এই আবহ পরিবর্তনের জেরেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।
দক্ষিণবঙ্গে আজ যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একাধিক অংশ। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই রাজ্যের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না। তবে ঝোড়ো হাওয়ার কারণে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সতর্কতা বহাল থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, এবং নতুন সপ্তাহের শুরুতেও তেমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কিছুটা ভিন্ন। সপ্তাহের বাকি দিনগুলিতে সেখানে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ২ থেকে ৪ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি শুরু হবে, এবং সপ্তাহান্তে তা অতি ভারী বৃষ্টির রূপ নিতে পারে।
আরও পড়ুনঃ আগস্টে সূর্য, শুক্র আর বুধের রাশিবদল! ৫ রাশির কপাল খুলে যেতে পারে, আসতে পারে টাকা, সাফল্য, শান্তি!
কলকাতার কথায় আসা যাক। আজ সকালেও শহরজুড়ে ছিল মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আজও ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কলকাতায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির কাছাকাছি, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি—সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৮৯ শতাংশ। ফলে শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
সপ্তাহ জুড়ে বর্ষার প্রভাব থেকেই যাবে রাজ্যজুড়ে। কোথাও বৃষ্টি একটু বেশি, কোথাও একটু কম। তবে আপাতত ছাতা ছাড়া বেরোনোর কথা ভুলে যাওয়াই ভালো।





