Harassment : পরকীয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শুরু হেনস্থা? বেতন আটকে, বদনাম করে চাকরি ছাড়াতে চাইছে বস, বিস্ফোরক অভিযোগ কর্মীর!

কর্মক্ষেত্রে নিরপেক্ষতা ও পেশাদার আচরণ প্রত্যেক কর্মীর প্রাপ্য। তবে, বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক ভারতীয় তরুণী, যিনি ইউরোপের একটি প্রতিষ্ঠানে কর্মরত। অনলাইনে কাজের মাধ্যমে দীর্ঘদিন সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কাজের প্রশংসাও পেয়েছেন বহুবার। কিন্তু আচমকা তাঁর প্রতি আচরণ বদলে যায় উর্ধ্বতন কর্তৃপক্ষের।

প্রথমদিকে কোনও অসুবিধে না হলেও চলতি বছর থেকে তরুণীর বসের ব্যবহার ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। কারণ-অকারণে রাগারাগি, কাজের অযথা সমালোচনা এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সময়মতো বেতন না দেওয়া—এসব সমস্যার মুখে পড়তে হয় তরুণীকে। অথচ, আড়াই বছর ধরে ওই সংস্থার সঙ্গে যুক্ত তিনি। এর মধ্যে দুই বছর তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট উজ্জ্বল।

তরুণীর দাবি, বসের ব্যক্তিগত দাম্পত্য জীবন সুখের নয়, এমনটাই শুনেছিলেন তিনি সহকর্মীদের মুখে। বসের স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন, যদিও তাঁদের মধ্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। এই অবস্থায় একদিন বস তাঁকে পরকীয়া সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন বলে অভিযোগ। প্রস্তাবটি তরুণী বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। আর তার পর থেকেই নাকি শুরু হয় তাঁর প্রতি এক ধরনের প্রতিহিংসামূলক ব্যবহার।

তরুণী জানাচ্ছেন, বস প্রথমদিকে যিনি তাঁর একনিষ্ঠতা ও দক্ষতার প্রশংসা করতেন, তিনিই এখন উপরমহলে নানারকম অভিযোগ জানাচ্ছেন তাঁর বিরুদ্ধে। কখনও বলা হচ্ছে, তিনি সময়মতো কাজ জমা দেন না, কখনও তাঁর মধ্যে নাকি পেশাদারিত্বের অভাব রয়েছে। এমনকী, অফিস থেকে ছুটি নেওয়ার ক্ষেত্রেও অতীতে যে নমনীয়তা দেখানো হত, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে এখন।

আরও পড়ুনঃ Weather Update: আবারও ঘনাচ্ছে মেঘ,ভারী বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে! ১১টি জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

তরুণীর বক্তব্য, এই চাকরিতে তিনি ভালো বেতন পান এবং বাড়িতে বসে কাজ করার সুবিধা রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, এমন পরিস্থিতিতে চাকরি ছেড়ে দিলে নতুন কাজ পাওয়া কঠিন হয়ে পড়বে—এই দুশ্চিন্তায় দোটানায় রয়েছেন তিনি। অন্যদিকে, কর্মক্ষেত্রের এই বিষাক্ত পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্য ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে বলেই আশঙ্কা করছেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও এখনই তাঁর পরিচয় প্রকাশ্যে আনেননি ওই তরুণী। এই সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়া ভিত্তিক, খবর ২৪*৭ অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর