জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড়বৃষ্টি হবে বঙ্গে, শিলাবৃষ্টির সম্ভাবনাও প্রবল, ফের কবে পালটাবে আবহাওয়া?

এপ্রিল মাসের গোড়া থেকেই গরম যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল বঙ্গবাসীর। তবে এপ্রিলের শেষের দিকে বৃষ্টির জেরে তীব্র দাবদাহ থেকে মিলেছে মুক্তি। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ৪ মে পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাত চলবে। আজ, মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, মঙ্গলবার থেকে শহরে বৃষ্টি বাড়বে। রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতায়। মঙ্গল থেকে বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টি মহানগরে অব্যাহত থাকবে। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে কলকাতায়। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে রাজ্যে। এর জেরে জেলার তাপমাত্রাও কমবে। উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে ঘূর্ণাবর্ত ছিল। আপাতত বাংলাদেশে রয়েছে সেই ঘূর্ণাবর্ত। এর জেরেই আবহাওয়ার এমন ভোলবদল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো রয়েছেই, এর সঙ্গে যোগ দিয়েছে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রাজ্যে শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে ফের আবহাওয়ার বদল হবে। বঙ্গে বাড়বে তাপমাত্রা। ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কী না, তা নিয়ে যদিও এখনও কোনও পূর্বাভাস মেলেনি।

এদিকে নতুন এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, মে মাসেই বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে এবং উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আঘাত হানবে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।

RELATED Articles