বাংলাতে বাংলা ভাষা নিয়ে নানান সময়ই নানান আন্দোলন দেখা গিয়েছে৷ সবক্ষেত্রেই দাবী একটিই, আর তা হলো বাংলাতে বাংলা ভাষাকে স্বীকৃতি দান৷ আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি অথবা হিন্দী ভাষা জানাকে যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরে নেওয়া হয়৷ পশ্চিমবঙ্গেও অনেকটা এই পরিস্থিতি বলেই দাবী আন্দোলনকারীদের। যেন বাঙালি হয়ে আজকাল বাংলা না বলতে পারাটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ আর তার বিরুদ্ধেই ফের একবার সোচ্চার হয়েছেন কিছু বাংলা ভাষা বাঁচাও কমিটির সদস্যরা।
হঠাৎই বাংলা ভাষা সম্বন্ধে বিভিন্ন পোস্টার ছড়িয় পরছে কলকাতার বাস, ট্রাম সহ লোকাল ট্রেনেও৷ বিভিন্ন দেওয়ালেও দেখা যাচ্ছে পোস্টারগুলোতে৷ যেগুলোতে লেখা রয়েছে, “বাংলাকে সম্মান করুন, নইলে বাংলা ছাড়ুন “, ” হিন্দী আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়”, “বাংলায় থাকার প্রথম শর্ত বাংলাকে সম্মান” কিংবা “হিন্দী চাপিয়ে দেওয়া বন্ধ হোক। ”
এই প্রচার ঠিক কোন সংগঠনটি করছে তা এখন জানা না গেলেও মনে করা হচ্ছে যে এর পেছনে রয়েছে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন। সোশ্যাল মিডিয়াতে এই সংগঠনের সদস্যরা এই পোস্টারগুলো নিয়ে যা ক্রিয়াকলাপ করছে তাতে এরাই এই কাজে যুক্ত বলে মনে হয়৷ বলা বাহুল্য, এই কাজ অনেক সমালোচনা যেমন শুনেছে তেমনি প্রশংসাও কুড়িয়েছে অনেক৷





