পাহাড় মানেই মুক্ত হাওয়া, মেঘের রাজত্ব আর নিরিবিলি প্রকৃতির সান্নিধ্য। কিন্তু সেই বেড়ানোই কখনও কখনও হয়ে উঠতে পারে শোকের কারণ। দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল—যা একদিকে যেমন জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, অন্যদিকে ভৌতিক কাহিনির জন্যও কুখ্যাত—সেখানেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বর্ষার মরসুমে বেড়াতে এসে প্রাণ হারালেন এক বাঙালি যুবক।
শনিবার রাত অবধি সব ঠিকঠাকই চলছিল। ডাউহিল রোডের একটি হোম-স্টেতে ছয়জনের দল এসে উঠেছিল, যার মধ্যে চারজন মহিলা। সকলেই কলেজের বন্ধু বলে জানিয়েছে পুলিশ। সোমবার তাঁদের হাওড়া ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় বিপত্তি। রবিবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয়রা শোনেন ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। ছুটে গিয়ে তাঁরা দেখেন, হোম-স্টের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়। বয়স মাত্র ২৬। বাড়ি হাওড়ায়। তাঁকে তড়িঘড়ি কার্সিয়ং হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর অবস্থাই এতটাই ভয়াবহ ছিল যে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, হোম-স্টের ছাদ থেকেই পড়ে যান সপ্তনীল। তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার পর থেকেই বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁরা কী জানিয়েছেন, তা এখনও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে। তবুও ঘটনার নেপথ্যে অন্য রহস্য লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সপ্তনীলের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে।
আরও পড়ুনঃ USS Santa Barbara in Sri Lanka: নজরদারি চালাতে পড়শি দেশে মার্কিন রণতরী, ভারতীয় মিসাইল পরীক্ষার গুঞ্জন তুঙ্গে!
ডাউহিল এমনিতেই আলোআঁধারি জঙ্গলে ঘেরা গা-ছমছমে পরিবেশের জন্য পরিচিত। এখানকার ঘন অরণ্য, মেঘে ঢাকা পাহাড় আর নৈঃশব্দ বরাবরই ভৌতিক কাহিনিকে ঘিরে রহস্য বাড়িয়েছে। বাঙালি পর্যটকদের কাছে প্রিয় জায়গা হলেও এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। পাহাড়ে বেড়াতে গিয়ে এমন অস্বাভাবিক মৃত্যু যে কোনও পরিবারের জন্যই দুঃস্বপ্নের মতো। এখন নজর পুলিশের তদন্তের দিকেই—সত্যিই কি দুর্ঘটনা, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও কাহিনি?





