নিজের মন্তব্যের জেরে আদালত অবমাননা মমতার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিজের মন্তব্যের জেরে আদালতকে অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আগামিকালের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

গতকাল, মঙ্গলবার আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চাকরি বাতিল নিয়ে প্রসঙ্গ উঠে আসে। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “প্রধান বিচারপতি এখানে নেই।  আমি সুব্রতদাকে (সুব্রত তালুকদার) বলব, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না”। তাঁর এই মন্তব্যের পাশাপাশি আরও নানান মন্তব্য করেন মমতা। তাঁর সেই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ, বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ আইনজীবীদের একাংশ।

আইনজীবীদের কথায়, নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার তদন্ত চলছে। সমস্ত নথি যাচাই করেই বিচারপতিরা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। আদালতে এখনও এই মামলা বিচারাধীন। সেই কারণে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করাই অনুচিত। আইনজীবীদের এই বক্তব্যের পর বিচারপতি হলফনামা পেশ করার নির্দেশ দেন। তারপরই আদালত সিদ্ধান্ত নেবে যে ওই মামলা গ্রহণ করা হবে কী না।  

বলে রাখি, নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। শাসক দলের একাধিক প্রভাবশালী নেতারা এই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। ভুয়ো চাকরির প্রমাণ মিলেছে। টাকা নিয়ে চাকরি বিক্রির পরিমাণ কম নয়। সমস্ত দিক খতিয়ে দেখেই বিচারপতিরা অনেক চাকরিপ্রাপকদের চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছেন।

RELATED Articles