গুরং প্রত্যাবর্তনে অশনি সংকেত! রাজ্যে ভরসা নেই, সাংবিধানিক অধিকারের জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ বিনয় তামাং

গুরুংয়ের প্রত্যাবর্তনে কিছুটা আশঙ্কায় পড়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং। এই কারণেই রাজ্য সরকারকে কিছুটা চাপে ফেলেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। দাবী, পাহাড়ে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা। জানা গিয়েছে, এই চিঠিতে পৃথক রাজ্যেরও দাবী করেছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে একাধিক চুক্তি। এও জানানো হয়েছে যে দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের মানুষজন দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

পাহাড়বাসীর পৃথক গোর্খাল্যান্ডের দাবী নতুন কিছু নয়। এই দাবীকে আরও কিছুটা উস্কানি দিয়েছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। এর মধ্যে অন্যতম গোর্খা জনমুক্তি মোর্চা। সুবাস ঘিসিং থেকে শুরু করে বিমল গুরুং, সকলেই কোনও না কোনও সময় রাজ্য ও কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এই বিষয়ে।

তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু  গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে পাহাড়বাসীর উন্নতির রাস্তা খুলে দেন। ফলত, সেই সময়ের মতো গোর্খাল্যান্ডের দাবী থেকে বিরত থাকে পাহাড়বাসী। পরবর্তীকালে, পাহাড়ে একাধিক প্রকল্প চালু করে, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য পৃথক বোর্ড তৈরি করে তাদের অধিকারকে সম্মান দিয়েছেন। কিন্তু বছর তিনেক আগে, রাজ্যের সঙ্গেই বিরোধে জড়ায় বিমল গুরুং নেতৃত্বাধীন মোর্চা সমর্থকরা। এই সময় ইউএপিএ ধারায় অভিযুক্ত হন বিমল গুরুং।

এরপর পাহাড় রাজনীতিতে বদল আসে। গুরুং-এর পরিবর্তে সংগঠনের ভার নেন তাঁরই এককালের সতীর্থ বিনয় তামাং। কিন্তু গত বছর পুজোর আগে তিন বছর অজ্ঞাতবাসের পর হঠাৎই উদয় হন বিমল গুরুং। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতার এক সভায় একই মঞ্চে দেখা যায় তাঁকে। এমনকি, তৃণমূলকে ফের ক্ষমতায় ফেরানোর অঙ্গীকারবদ্ধ হন গুরুং। এরপরই অশনি সংকেতের আশঙ্কা করেন বিনয় তামাং ও তাঁর দল। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও সেরকম কোনও উন্নতি হয় না পরিস্থিতির।

এ কারনেই এবার অন্য পথে হাঁটলেন বিনয় তামাং। সাংবিধানিক অধিকারের দাবীতে সোজা প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন যে পাহাড়ের মানুষজন প্রকৃত উন্নয়ন থেকে কতটা দূরে। তবে গুরুং প্রত্যাবর্তনে বিনয় তামাং যে কোণঠাসা হওয়ার আশঙ্কা দেখছেন, আর সেই কারণেই রাজ্যের উপর চাপ বাড়াতেই যে প্রধানমন্ত্রীকে এই চিঠি, তা বেশ স্পষ্ট।

RELATED Articles