বিজেপি বনাম তৃণমূল! দ্বিপাক্ষিক সংঘর্ষে সরগরম কলকাতা, বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একুশের বিধানসভা যত এগিয়ে আসছে বিজেপি-তৃণমূল সংঘর্ষ যেন তত তীব্র হচ্ছে। শনিবারই দুই রাজনীতি দলের সংঘর্ষে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল তিলোত্তমা। এক বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এর প্রতিবাদে কসবা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পরিস্থিতি আরও চরমে ওঠে। জানা গিয়েছে, বিজেপির লোকজন থানার ভেতরে থাকাকালীন থানার বাইরে তৃণমূল নেতা- কর্মীরা বিক্ষোভ দেখায় যার জেরে থানা চত্বরে তৈরি হয় উত্তেজনা।

বৃহস্পতিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিজন সেতুর মোড়ে অবরোধ কর্মসূচী করে বিজেপি। অভিযোগ, এদিন বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধোর করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেই ঘটনার প্রতিবাদে শনিবা বিজন সেতু থেকে কসবা পর্যন্ত মিছিল করে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় বিজেপি।

কিন্তু এখানেও বিপত্তি। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার জানান, এদিন প্রতিবাদ মিছিলেও চড়াও হয় তৃণমূলের লোকজন। হাতে ইট-রড নিয়ে এগিয়ে আসে তারা। তাদের হামলায় আহত হন বেশ কিছু বয়স্ক দলীয় কর্মী ও মহিলাও। এরপর থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখানেও পিছু নেয় তৃনমূল কর্মীরা। জানা গিয়েছে, বিজেপি কর্মীরা যখন থানার ভেতরে ছিল, তখন থানার বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী।

উল্টোদিকে, বিজেপি আনা সমস্ত অভিযোগকে মিথ্যে বলে পাল্টা দাবী করেন ৬৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটর বিজনলাল মুখোপাধ্যায়। তিনি দাবী করেন, বিজেপির লোকেরাই নাকি তৃনমূল কর্মীর উপর হামলা করেছে। তৃণমূলের দলীয় কার্যালয়ের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ আনেন বিজনলালবাবু। তাঁর দাবী, এই হামলার জেরে আহত হয়েছেন তৃণমূল কর্মী আর সেই অভিযোগ জানাতেই তারা কসবা থানায় যান। ফলে দুই পক্ষের অভিযোগের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

RELATED Articles