ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে ২০০০ টাকার নোট দিল তৃণমূল, ‘এভাবেই কালো টাকা সাদা হচ্ছে’, বিস্ফোরক অভিযোগ বিজেপির

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এর মধ্যে বাংলার অনেক মানুষ রয়েছেন। এই দুর্ঘটনায় বাংলা থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মৃতদের পরিবারকে তৃণমূলের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা শুরু হয়েছে। আর সেখানেই বাঁধল গোল।

জানা যাচ্ছে, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে যে টাকা দেওয়া হচ্ছে, তা ২০০০ টাকার নোট। কিন্তু ২০০০ টাকার নোট বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেপ্টেম্বরের পর থেকে এই নোটের কোনও মূল্য থাকবে না। তা সত্ত্বেও কেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২০০০ টাকার নোট দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবী, তৃণমূল এভাবেই কালো টাকা সাদা করছে।

এই নিয়ে সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করছেন এক মন্ত্রী। এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু, একসঙ্গে এই প্রশ্নটা রাখছি দু হাজার টাকার নোটে দু লাখ বান্ডিলের উৎস কী”?

আরও একটি টুইটে বিস্ফোরক দাবী করেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, “বর্তমানে দু হাজার টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলিকে দু হাজার টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হলো না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি”?

এই ঘটনা প্রসঙ্গে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূল রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ২০০০ টাকার নোট দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্র সরকার বলেছে দু হাজার টাকার নোট সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। তাই এর মধ্যে কোনও অনৈতিকতা নেই। বিজেপি নেতারাই কালো টাকার পাহাড়ে বসে আছে। সেই কারণে তব্রা এই ধরনের অভিযোগ করছেন”।

প্রসঙ্গত, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার কটকে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন তিনি। এবার তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles