সামনেই লোকসভা নির্বাচন। আর এবার তমলুকে হাইভোল্টেজ নির্বাচন হতে চলেছে। তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বনাম বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ফলে লড়াইটা বেশ চ্যালেঞ্জিং উভয় পক্ষের জন্যই। এর আগে তৃণমূলকে বিঁধে একাধিক মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারি তাঁর মন্তব্য, “মজা দেখিয়ে দেব”। কাকে এমন হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী?
আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তারাগেড়িয়াতে ভীম মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপর এক সভায় তিনি বলেন, “শুনে রাখুন, দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ”। প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজের নানান মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। সেই কারনেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেছেন, বামপন্থীদের যে সমস্ত পার্টি পফিস তৃণমূল দখল করে রেখেছে, নির্বাচনের পর সেই পার্টি অফিস খুলে দেবে বিজেপি। সেই পার্টি অফিস বামপন্থীদের ফিরিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, “গণতন্ত্রে এটাই হওয়া উচিত। কেন বামদের দলীয় কার্যালয় তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না”।
এদিন তাঁর বক্তব্যে উঠে আসে তৃণমূলের আমলে ভোট পরবর্তী হিংসার ঘটনার কথাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, “তৃণমূল আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির উপরে। কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষের ঘর পুড়িয়েছে। তৃণমূল দুর্বৃত্তের দল চোরের দল। তখনও পুলিশ প্রশাসন ছিল। তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার। যদি এবারে সেই ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে মজা দেখিয়ে দেব”।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর এক হিংসার রূপ দেখেছিল বাংলা। ভোট পরবর্তী হিংসার জেরে গোটা রাজ্য উত্তাল হয়েছিল। কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়। সেই সময় রাজ্য সরকারকে তোপ দাগে আদালত। সেই সময় বিচারপতি পদে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই প্রসঙ্গ টেনেই এদিন তিনি বললেন, যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে তিনি মজা দেখিয়ে দেবেন।





