বাংলায় চলছে ভোট গণনা। কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে পড়ছে। তবে সকালের চিত্রটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলাতে শুরু করেছে। সকাল বেলা এগিয়ে থাকা বিজেপি (BJP) বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কোণঠাসা হয়ে পড়েছে। হাতছাড়া হচ্ছে একের পর এক কেন্দ্র। তবে শুধু কি তাই এইবার বিজেপি এমন এমন কেন্দ্রে পিছিয়ে পড়েছে যেগুলি বিজেপির গড় বলে প্রসিদ্ধ!
আর এতদিন ধরে অস্বস্তি নিয়ে থাকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফের একবার বুক চিতিয়ে জয় উদযাপন করা শুরু করে দিয়েছে। তবে এখনও গণনা শেষ হয়নি। হতেও পারে চিত্রের পরিবর্তন। বর্তমানে পিছিয়ে থাকলেও এগিয়েও যেতে পারে বিজেপি। কিন্তু তার কেন্দ্রে যে আর এমনটা হবে না সেটা বুঝতে পেরে গেছেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী অসীম সরকার।
এই বছর বিজেপি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল কবি তথা লোক শিল্পী অসীম সরকারকে। ভোটের প্রচারে গান বেঁধে তার ভোট প্রচার এক কথায় অভিনব ছিল। তবে সেই অভিনবত্ব যে ভোটের ফলাফলে দেখা গেল না সেটাই দুঃখের। যদিও নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন অসীম সরকার। বলেছিলেন, পূর্ব বর্ধমান তো আমরা ঈশ্বরের কৃপায় জিতছি ,সেই নিয়ে আমরা আত্মবিশ্বাসী। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই আত্মবিশ্বাসের দফারফা।
নজিরবিহীনভাবে পূর্ব বর্ধমান কেন্দ্র থেকেই নিজের হার স্বীকার করে নিলেন তিনি। জনগণ যে তার পক্ষে রায় দেয়নি সেটা বুঝতে বেশি সময় নেননি তিনি। আর তাই ১ লক্ষ ৪৪ হাজার ১৮০ ভোটে হেরে জনগণের রায় মাথা পেতে নিয়ে ভোটের লড়াই থেকে বেরিয়ে গেলেন তিনি। অষ্টম রাউন্ড গণনার শেষে নিজের হার স্বীকার করে ময়দান ছাড়লেন অসীম সরকার। বলেই দিলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ”।





