ভোটের আগের রাতে বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে, রক্তাক্ত কোন্নগর

আজ রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। তবে ভোটের আগের রাতেই বাড়ি ফেরার সময় আক্রান্ত হলেন কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য।

এই ঘটনায় অভিযোগ আনা হয়েছে তৃণমূলের দিকেই। এর ঘটনার জেরে জি টি অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ,‌ পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের প্রার্থী তন্ময় দেবের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। গুরুতর অবস্থায় তাঁকে কমলনয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার জেরে রাতে জি টি রোড অবরোধ করা হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু ট্রাকে। এই ঘটনায় উত্তাপ বেড়েছে ওই এলাকায়। ১০৮টি পুরসভা নির্বাচনের দায়িত্বে রাজ্য পুলিশই রয়েছে। এদিকে সকাল হতেই শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে রাতের এই ঘটনায় উত্তেজনা এখনও রয়েছে।

শুধু কোন্নগরই নয়, রাজ্যের একাধিক ভোটগ্রহণ কেন্দ্র থেকে নানান অভিযোগ আসছে। বুথে ভাঙচুর, ভুয়ো ভোটার, নানান অভিযোগ উঠে আসছে ভোট শুরুর প্রথম থেকেই। নির্বাচনের আগে দলের কর্মীদের তৃণমূলের তরফে গাইডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও এমন ঘটনা কেন ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রত্যেক জেলায় ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ বাহিনী।

RELATED Articles