ভোটের আগে এখন রাজ্য জুড়ে প্রচারের ঝড়। সকাল থেকে রাত, প্রার্থীদের দম ফেলার সময় নেই। জনসংযোগ, সভা, মিছিল সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেই কখনও কখনও ঘটে যাচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তে বদলে দিচ্ছে পরিস্থিতি। ঠিক তেমনই এক ঘটনা সামনে এল উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে।
রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। প্রতিটি দলই নিজেদের শক্তি প্রমাণে মরিয়া। সেই প্রেক্ষিতেই সোমবার বিকেলে ময়নাগুড়ি এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী ডালিম রায়। সবকিছুই স্বাভাবিক ছন্দে চলছিল মানুষের সঙ্গে কথা, দোকানে দোকানে জনসংযোগ, কিন্তু হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত এক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন মোড় সংলগ্ন একটি দোকানে ঢোকার সময়ই বিপত্তি ঘটে। দোকানের বারান্দার টিনের চালটি ছিল বেশ নিচু। অসাবধানতাবশত সেই টিনে সজোরে মাথা ঠেকে যায় প্রার্থীর। মুহূর্তের মধ্যেই কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর দ্রুত তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। চিকিৎসকদের মতে, কপালে গভীর ক্ষত তৈরি হলেও আপাতত বিপদের কিছু নেই। তবে সম্পূর্ণ সুস্থ হতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দলের তরফেও জানানো হয়েছে, আপাতত কয়েকদিনের জন্য প্রচার থেকে বিরতি নিতে বলা হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে বনগাঁয় বিজেপির মেগা শোডাউন! মনোনয়ন জমা দিতে গিয়ে শক্তি প্রদর্শন, জনস্রোতে কাঁপল যশোর রোড!
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন দলের কর্মী-সমর্থকেরা। ভোটের মুখে প্রচার থেমে যাওয়া বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব দ্রুতই তিনি আবার প্রচারে ফিরবেন। আপাতত তাঁর শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় বিষয় এই বার্তাই সামনে আসছে রাজনৈতিক মহল থেকে।






