‘বেশ করেছি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিয়েছি, এটা মমতার নিজের টাকা নাকি’, তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাব বিজেপি প্রার্থী রেখা পাত্রের

সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র (Rekha Patra) বসিরহাটের বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর দলের অনেক নেতাই দাবী তুলেছেন যে রেখা পাত্র স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা নেন। আর তা নিয়ে বিজেপি প্রার্থীকে বেশ কটাক্ষও করেছেন তারা। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন রেখা পাত্র (Rekha Patra)

কী বলেছেন রেখা পাত্র (Rekha Patra)?

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে সন্দেশখালির মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পান না। এরপরই তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কিছু নথি পেশ করে জানান বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজেই স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের উপভোক্তা। এই ঘটনার নিন্দা করে রেখা পাত্র বলেছেন, “লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য ঘৃণ্য কাজ করেছেন”।

সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া প্রসঙ্গে রেখার (Rekha Patra) সাফ বক্তব্য, “এটা তো সরকারি প্রকল্প। মানুষের টাকায় প্রকল্প। সেখানে দাঁড়িয়ে কেন, রাজনীতি দেখা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে এসব করছেন নাকি? তৃণমূল না করলে পাওয়া যাবে না কেন? তৃণমূলের ঘরের টাকা? মমতার নিজের টাকা”? তবে তিনি এও অভিযোগ করেছেন, সন্দেশখালির মহিলারা আন্দোলন শুরু করার পত থেকেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব বন্ধ করে দেওয়া হয়েছে।  

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে রেখা (Rekha Patra) বলেন, “উনি মুখ্যমন্ত্রী হয়েও গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছেন। আজও ওই এলাকায় অশান্তি হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। ভোটের আগে সন্ত্রাসের চেষ্টা হচ্ছে। বহু মানুষকে ভয় দেখিয়ে মিছিলে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও কিছু করেই আর কাজ হবে না। এবার বুঝতে পারবে তৃণমূল”।

এদিন শাহজাহানকে তোপ দাগতেও ছাড়েন নি বিজেপি প্রার্থী। রেখার (Rekha Patra) কথায়, “শাহজাহান গিরগিটি। নিজের রং বদল করছেন। এদের কঠিন শাস্তি চাই। সেই শাস্তি চাওয়ার লড়াই চলবে। আমি পিছিয়ে আসব না। মা, বোনেদের জন্য লড়াই চলবে। কিন্তু এই ৫০০-১০০০ টাকা দিয়ে মহিলাদের সম্মান কেনার যে নোংরা চেষ্টা হচ্ছে, তাও বন্ধ হবে। এবার সুবিচার পাবেন মানুষ”।

প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে দাবী করেছিলেন সন্দেশখালি নিয়ে নাকি অপপ্রচার চলছে। সেখানে জমি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে শুধুমাত্র। তিনি এও বলেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) সরকারি প্রকল্পের সুবিধা নেন। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী।

RELATED Articles