প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়, শুক্রবার হতে পারে স্পিকার নির্বাচন! ২৯০ বিধায়কের শপথের আগে গেরুয়া আলোয় সেজে উঠল বিধানসভা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু নতুন অধ্যায়! 

বিধানসভায় নতুন অধ্যায়ের সূচনা হল মঙ্গলবার। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। নতুন সরকার গঠনের পর এবার শুরু হচ্ছে বিধায়কদের শপথগ্রহণ এবং স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সেই কারণেই রাজনৈতিক মহলে এই শপথগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী শুক্রবার বিধানসভার স্থায়ী স্পিকার নির্বাচন হতে পারে এবং সেই পদে তাপস রায়ের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে তিনি অসমে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে সরাসরি লোক ভবনে পৌঁছে যান। অনুষ্ঠানে নবনির্বাচিত কয়েক জন মন্ত্রী এবং বিধায়কও উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর তাপস রায় জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার ধাপে ধাপে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে। সেই দায়িত্বও সামলাবেন তিনিই। এরপরই স্পিকার নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: “ছাই চাপা আগুন আমি, হলিউডের টেকনিশিয়ানদের শিখতে পারি…এবার জলওয়া দেখানোর সময়” পদ্মশ্রী পাওয়ার স্বপ্ন থেকে, টলিউডকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা নিয়ে অকপট পাপিয়া অধিকারী!

এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে মোট ২৯৪টি আসনের মধ্যে একটি আসনে এখনও নির্বাচন বাকি রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হওয়ায় কার্যত ২৯০ জন বিধায়ক এবার শপথ নেবেন। জানা গিয়েছে, শপথগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সূত্রে আরও খবর, স্পিকার নির্বাচন মিটে গেলে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের মন্ত্রীরা বিধায়ক হিসেবে শপথ নেবেন। একই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীদেরও শপথগ্রহণ হবে। দিনের দ্বিতীয় ভাগে শপথ নেবেন নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা। অন্যদিকে বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথের সূচি নির্ধারিত হয়েছে। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে মঙ্গলবার থেকেই বিধানসভা চত্বরের পরিবেশে নতুন রাজনৈতিক আবহ স্পষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যার পর গোটা এলাকা গেরুয়া আলোর সাজে আলোকিত হয়ে ওঠে। বিধানসভা ভবনের বিভিন্ন অংশের পাশাপাশি লোক ভবনের বাইরের গার্ডরেলেও গেরুয়া রঙের ছাপ দেখা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নতুন সরকারের ক্ষমতায় আসার পর প্রশাসনিক এবং রাজনৈতিক বার্তা দিতেই এই বিশেষ সাজসজ্জা করা হয়েছে। সব মিলিয়ে প্রোটেম স্পিকারের শপথগ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন বিধানসভার আনুষ্ঠানিক পথচলা শুরু হল।

আরও অন্যান্য খবর