দুর্গাপুজো মিটলেই ফের রাজ্যে ভোটের আবহ। উপনির্বাচন রয়েছে রাজ্যের বাকি চার কেন্দ্রে। আহেই এই চার কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবার এই চার কেন্দ্রে ভোট প্রচারের জন্য তারকা প্রচারকদের নামও প্রকাশ করল বিজেপি। আর বেশ তাৎপর্যপূর্ণভাবেই এই তালিকায় নাম রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও।
চলতি মাসের ৩০ তারিখেই উপনির্বাচন রয়েছে দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা কেন্দ্রে। এই চার কেন্দ্রের মধ্যে বিজেপির জন্য সবথেকে সম্ভাবনাময় আসন হল শান্তিপুর। এই কেন্দ্রে বিজেপির হয়ে ভোটের ময়দানে লড়বেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস। অন্যদিকে, তৃণমূলের উদয়ন গুহর বিরুদ্ধে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন তৃণমূল নেতা অশোক মণ্ডলকে।
গোসাবার কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন পলাশ রানা। আর খড়দহ থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়াই করছেন অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ জয় সাহা। পুজো মিটলেই চার প্রার্থীদের হয়ে প্রচারে নামবে বিজেপি। ইতিমধ্যেই পদ্ম শিবিরের রণকুশল তৈরি। আর এরই মধ্যে প্রকাশ্যে এল বিজেপির তারকা প্রচারকদের তালিকাও।
এই তালিকার প্রথমেই নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এছাড়াও এই তালিকায় রয়েছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী। তারা হলেন স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, সুভাষ সরকার, জল বার্লা, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক, শান্তনু ঠাকুর। তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও। এছাড়াও দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় তো রয়েইছেন।
বলে রাখি, একুশের বিধানাসভা নির্বাচনে শান্তিপুর ও দিনহাটা, এই দুই কেন্দ্র থেকেই জিতেছিল বিজেপি। এই কারণে উপনির্বাচনে এই দুই কেন্দ্রকে বেশি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। তবে বাকি দুই কেন্দ্র অর্থাৎ গোসাবা ও খড়দহতেও হাল ছাড়তে রাজি নয় বিজেপি। সেখানেও সমান লড়াই দিতে প্রস্তুত তারা।





