২১-এর ভোটের আগে জনসংযোগ বাড়াতে নয়া উদ্যোগ বিজেপির, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রচার এবার বাড়ি বাড়ি গিয়ে

২০২১-এর ভোটকে পাখির চোখ করে নতুন উদ্যোগ বিজেপির। তৃণমূলকে কোণঠাসা করে বাংলা জয় করতে নতুন ছক কষছে তারা। বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মমতা সরকারের দুর্নীতি নিয়ে প্রায় ১ কোটি পরিবারের কাছে গিয়ে প্রচার করবে দল। এর জেরে ভোটের আগে মানুষকে প্রভাবিত করা যাবে বলে মনে করা হচ্ছে। বিজেপির বিভিন্ন কর্মী ও সমর্থকেরা এই কাজ করবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তৃনমূল সরকার ‘দুয়ারে সরকার’ বলে প্রকল্প নিয়ে যেভাবে মানুষের দোরগোড়ায় হাজির হচ্ছে, সেভাবে বিজেপি কর্মীরাও ১ কোটি পরিবারের কাছে ‘আর নয় অন্যায়’ কর্মসূচীর মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মানুষের কাছে পৌঁছবে। ৫ই ডিসেম্বর থেকে এই কর্মসূচী গ্রহণ করা হবে”।

দলীয় সূত্রের খবর, বিভিন্ন বিজেপি কর্মীরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে লিফলেট দেবেন। এই লিফলেটে শাসকদলের বিভিন্ন দুর্নীতির কথা লেখা থাকবে। কীভাবে রাজ্য সরকার মানুষকে কিষান সম্মানবিধি ও আয়ুষ্মান ভারতের প্রকল্প থেকে বঞ্চিত করছে, তাও লেখা থাকবে এই লিফলেটে। আগামী দুই মাস এই কর্মসূচী চলবে বলে জানা গিয়েছে। এর ফলে মানুষের সঙ্গে দলের জনসংযোগও বাড়বে। ২১-এর নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। তাই সেই চিন্তাভাবনাকে আরও প্রসারিত করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

তৃণমূলের তরফ থেকে ৩৪৪টি ব্লক ও গ্রামে গ্রামে মানুষকে পরিষেবা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে এই বিষয় নিয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন তারা সারাবছরই মানুষের পাশে থাকেন। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। পয়লা ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত নানান সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ১০০ দিনের জব কার্ড, জাতি শংসাপত্র, রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। ২০২১ এর ভোটে শাসকদলের গদি নড়বড়ে হতে চলেছে দেখেই ভোটের আগে বিভিন্ন সরকারী কর্মসূচী গ্রহণ করছে রাজ্য সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

RELATED Articles