গত ৩০শে আগস্ট বিজেপি রাজ্য যুব মোর্চার (BJYM) ১২ জনের কমিটি ঘোষণা করেন বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এর আগে ২৮ শে আগস্ট ২৯ জন জেলা সভাপতির নাম ঘোষণা করেন সৌমিত্র বাবু কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান যে এই তালিকা চূড়ান্ত নয়। এবার যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) কে হবেন এই নিয়ে বেঁধেছে গোল। ফলে ফের একবার বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে জানিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব।
রাজ্য রাজনীতিতে ফের একবার উঠে এসেছে দিলীপ ঘোষ বনাম মুকুল রায় (Mukul Roy) বিবাদের তত্ত্ব। দিলীপ ঘোষ বলেছিলেন ২৯ জন জেলা সভাপতির তালিকা চূড়ান্ত নয়। অথচ পরে যখন ৩০ শে আগস্ট সৌমিত্র বাবু বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটি নিয়ে ঘোষণা করেন তখন তিনি কিন্তু জানান যে সেই ২৯ জন জেলা সভাপতি নিজেদের পদে বহাল থাকছেন। সেই সময়ই একটা বিবাদের গন্ধ পাওয়া গেছিল। এছাড়া আগামীকাল রবিবার নতুন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সৌমিত্র খাঁ জানান যে সেটি বাতিল হয়ে গিয়েছে কারণ রাজ্য কমিটিতে নাকি নতুন কিছু নাম সংযোজন করা হবে।
ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ প্রকাশ দাস কে যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে এই ঘটনার বিরোধিতা করেন সৌমিত্র খাঁ, কৈলাস বিজয়বর্গীয় এবং শিব প্রকাশ। কৈলাস বিজয়বর্গীয় সাধারণ সম্পাদক হিসেবে চান মুকুল রায়ের ঘনিষ্ঠ শঙ্কুদেব পান্ডা অথবা ডঃ অনুপম হাজরাকে। এই খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় আগামীকালের বৈঠক।
এখন দিলীপ ঘনিষ্ঠ প্রকাশ দাস নাকি মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেব বা অনুপম, কে হবেন বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক, এই নিয়েই চলছে চাপানউতোর।





