ফের রাজ্য রাজনীতির আলোচনা কেন্দ্রে সিঙ্গুর, ন্যানো-ভূমিতে ধর্নায় বসবে বিজেপি, চলবে কৃষক আন্দোলন, ঘোষণা শুভেন্দুর

রাজ্যে রাজনৈতিক পালাবদলে বেশ বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। সাড়ে তিন দশকের বাম জমানাকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গড়ার বীজ বপন এখান থেকেই শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জমিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।

গতকাল, শনিবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৪, ১৫, ১৬ ডিসেম্বর, পরপর এই তিনদিন সিঙ্গুরে ধর্নায় বসবে বিজেপি, এমনটাই জানান শুভেন্দু। তিনি ছাড়াও এই ধর্নায় অংশ নেবেন বিজেপির রাজ্য নেতারা। মূল দায়িত্বে থাকবেন বিজেপির কৃষক মোর্চা সভাপতি মহাদেব সরকার।

ঘূর্ণিঝড় জাওয়াদ ও নিম্নচাপের জেরে রাজ্যের নানান জায়গায় চাষের ক্ষতি হয়েছে। কিন্তু সরকার এই বিষয়ে কোনও আমল দেয় নি। এই নিয়ে গত কয়েকদিন ধরেই সরব হয়েছে বিজেপি। গতকাল, শনিবার এই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু ও মহাদেব সরকার।

রাজ্যাপালের সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু জানান, রাজ্যপালের কাছে তাঁরা দরবার করেছেন কারণ যাতে কৃষকদের স্বার্থে রাজ্য সরকার যাতে উদ্যোগ নেয়। এই বিষয়ে রাজ্যপাল যাতে সরকারের উপরে চাপ তৈরি করেন, সে ব্যাপারেও শনিবার বিজেপি-র প্রতিনিধি দল ধনখড়ের কাছে আর্জি জানায় বলে জানা গিয়েছে।

তবে সিঙ্গুরকে বিশেষ গুরুত্ব দেওয়া বিজেপির তরফে নতুন কিছু নয়। একুশের বিধানসভা নির্বাচনেও হুগলির এই এলাকায় রাজ্য নেতারা বারবার এসেছেন। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তৃণমূলের তরফে প্রার্থী না হতে পারায় সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দেন বিজেপিতে। বিজেপির টিকিটে সিঙ্গুরে ভোটে লড়েন তিনি। কিন্তু রাজ্যের মন্ত্রী তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার কাছে পরাজিত হন মাস্টারমশাই।

তবে এখন মাস্টারমশাইয়ের সঙ্গে বিজেপির বেশ দূরত্ব তৈরি হয়েছে। এবার রাজ্য রাজনীতিতে সিঙ্গুর ফের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র হতে চলেছে। বিজেপি সূত্রে খবর, সিঙ্গুরের এই ধর্না পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। আগামী মঙ্গলবার থেকেই এই ধর্নার কর্মসূচি শুরু হবে। তাই রবিবার ও সোমবারের মধ্যে সিঙ্গুরে গিয়ে নানান প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

RELATED Articles