সদস্য সংগ্রহ শুরু করল বিজেপি, মিসডকল দেওয়ার নতুন নম্বর দিলেন দিলীপ ঘোষ

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামবে বিজেপি। যেমন কথা তেমন কাজ। আজ বিজেপির সদর দপ্তর মুরলীধর লেন স্ট্রিট থেকে নতুন সদস্য সংগ্রহের জন্য একটি ফোন নম্বর দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নতুন সদস্য সংগ্রহ অভিযান এর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আমার পরিবার, বিজেপি পরিবার’।পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানান দিলীপবাবু। ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরে মিসডকল দিলেই বিজেপি সদস্য পদ পাওয়া যাবে বলে জানালেন রাজ্য বিজেপি সভাপতি।

এছাড়াও এই দিন বিজেপির সদর দপ্তরে একটি ভার্চুয়াল সভায় বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ বাবু।

আগামী বছরে বিধানসভা নির্বাচন এখন সবচেয়ে বড় ইভেন্ট সমস্ত রাজনৈতিক দলের কাছেই। স্বাভাবিকভাবেই গেরুয়া বাহিনীও পিছিয়ে নেই। করোনা পরিস্থিতির কারণে রাস্তায় নেমে প্রচারকাজ এখনই শুরু করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লাগাতার প্রচার শুরু করে দিয়েছে পদ্ম বাহিনী।

এই দিনের ভার্চুয়াল সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা ও বিজেপি নেতা মুকুল রায়। দিল্লি থেকে সভায় যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।

আজ বাইশে শ্রাবণ, কবিগুরুর মৃত্যুদিনে রবীন্দ্রনাথকে স্মরণ করে দিলীপবাবু বলেন, মৃত্যুকে ভয় পাননি রবীন্দ্রনাথ। তেমনই মৃত্যুকে ভয় পান না বিজেপি কর্মীরা। তৃণমূলের অপশাসনকে উৎখাত করে সোনার বাংলা গড়তে মৃত্যু বরণ করতেও পিছপা নন তাঁরা।

এছাড়াও তৃণমূল থেকে বিজেপিকে প্রায়ই কটাক্ষ করা হয় যে ওরা অবাঙালি দল। তাই তৃণমূলের নাম না করি দিলীপ ঘোষ চাঁচাছোলা ভাষায় জানান যে, “যে দলের প্রতিষ্ঠাতা অন্যতম বাঙালি বুদ্ধিজীবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই দল অবাঙালিদের হয় কী করে?”

এই নতুন নম্বরে মিসডকল দিয়ে খুব শীঘ্রই বিজেপিতে বাংলার মানুষ দলে দলে যোগদান করবেন বলে আশা করছেন বিজেপি রাজ্য নেতারা।

RELATED Articles

Leave a Comment