বঙ্গে অব্যাহত হিংসা! অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফেরা বিজেপি নেতাকে গাছে বেঁধে চলল বেধড়ক মারধর

বঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী বাংলার ভোট হিংসার রেশ এখন‌ও বর্তমান। গতকাল‌ই তৃণমূলের হাতে জলপাইগুড়ি তে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ। আর এবার অভিযোগ উঠল অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে ফেরা বিজেপি নেতাকে গাছে বেঁধে বেধড়ক মারধরের। এই ক্ষেত্রেও অভিযুক্ত তৃণমূল। গুরুতর আহত ওই বিজেপি নেতাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো উত্তপ্ত বাগনানের ওড়ফুলি এলাকা।

কী ঘটনা ঘটেছিল কাল? বিজেপির সূত্রে জানানো হয়েছে আক্রান্ত ওই বিজেপি নেতার নাম মিঠুন চক্রবর্তী। ভোটের ফল প্রকাশ হ‌ওয়ার পর‌ই তৃণমূলী হামলার কারণে ঘর ছাড়েন বাগনানের ৩ নম্বর মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন চক্রবর্তী। এরই মধ্যে তিনি জানতে পারেন তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই এদিন বিকেলে তিনি অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসেন।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ওই সময়ই বিজেপি নেতার ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাড়ির মধ্যে থেকে টেনে বের করা হয় তাঁকে। তারপর পাশের একটি গাছে বেঁধে চলে এলোপাথাড়ি মারধর। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় বাগনান থানার পুলিশ।

এরপর গুরুতর চোটপ্রাপ্ত বিজেপি নেতাকে প্রথমে উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠানো হয়। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উলুবেড়িয়ে মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মিঠুনবাবু। দলীয় নেতা আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতারা।

যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শাসক দলের বিধায়ক অরুণাভ সেন জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

RELATED Articles