একুশে রেড রোডে জাতীয় পতাকা তুলব আমরাই, আত্মবিশ্বাসী রাহুল সিনহা

প্রতিবছর কলকাতার রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। বিগত ৯ বছর ধরে স্বাধীনতা দিবস পালন করে আসছে তৃণমূল সরকার। তবে আগামী বছর যে এই দায়িত্ব নিতে চলেছে বিজেপি, একথা একপ্রকার বলেই দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

একুশের নির্বাচনে পদ্ম শিবির ক্ষমতায় আসছে, সেকথা আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন রাহুল বাবু। তাই আগামী বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রেড রোডে বিজেপি সরকার পালন করবে, একথাও জানিয়েছেন তিনি।

আজকের দিনেও দলীয় তরজা বাদ দেয়নি দুই দলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দোষারোপ করে বিজেপি কেন্দ্রীয় সম্পাদক জানিয়েছেন যে যারা রাজনীতি শেখাচ্ছেন পরের বছর স্বাধীনতা দিবসে তারাই থাকবেন না। সেই কারণে আগে নিজেদের গদির চিন্তা করুক তারপর নীতি শেখাবেন।

তাঁর কথায়, ভারতের ইতিহাস কে মর্যাদা দেয় বিজেপি। তাঁরা ভারতীয় নীতি মেনে চলেন।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণের অভিযোগে ব্যক্তিগতভাবে আক্রমণ শানিয়েছেন রাহুল। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে পাকিস্তানে পাঠানোর নিদান দিয়েছেন রাহুল। বলেন, “ওর এখানে থাকার কোনও অধিকারই নেই।” এছাড়াও দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাহুল সিনহা জানিয়েছেন যে সারাবিশ্বে করোনা বাঘের মতো ঘুরে বেড়ালেও ভারতে এসে করোনা বিড়ালে পরিণত হয়েছে।

তবে বিজেপির বক্তব্য শুনে চুপ থাকেনি তৃণমূলও। পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মোদীকে অভিহিত করেছেন হিন্দুত্বের প্রধানমন্ত্রী রূপে।

RELATED Articles

Leave a Comment