আইপিএলের টাইটেল স্পনসরের খোঁজে বিসিসিআই, উঠে আসছে পাঁচটি সংস্থার নাম

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএলের আসর। এরই মধ্যে দেশজুড়ে চিনা কোম্পানির উপর একাধিক চাপ ও নেতিবাচক মানসিকতার জেরে এই বছর আইপিএল-এর টাইটেল স্পনসরের ভূমিকা পালন করবে না ভিভো তা আগেই জানিয়ে দিয়েছিল। তারপরই শুরু হয় বিসিসিআই-এর এই বছর আইপিএলের জন্য টাইটেল স্পনসরের খোঁজ। শুক্রবার আইপিএল টাইটেল স্পনসরশিপের জন্য পাঁচটি সংস্থা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) জমা দিয়েছে। এই সংস্থাগুলি হল টাটা গ্রুপ, রিলায়েন্স জিও, পতঞ্জলি, বাইজুস এবং অ্যানঅ্যাকাডেমি।

তবে এই সব সংস্থাগুলির মধ্যে দৌঁড়ে এগিয়ে রয়েছে টাটা গ্রুপই। আইপিএলের মতো ক্রিকেটের উৎসবে এক বছরের জন্য স্পনসরশিপ চুক্তির সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রায় সব কোম্পানিই। এছাড়াও ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মগুলিও টাইটেল স্পনসরশিপের চুক্তির জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে।

কয়েকদিন আগে স্পনসরশিপের দায়িত্ব নিতে ইচ্ছাপ্রকাশ করেছিল আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলি। কিন্তু এবার তাদের টেক্কা দিতে স্পনসরশিপের বিড জমা করতে প্রস্তুত অনলাইন এডুকেশন কোম্পানি আনঅ্যাকাডেমি। স্পনসরশিপের তালিয় নাম উঠেছিল পানীয় কোম্পানি কোকা-কোলারও। এখন দেখার বিষয় আগামী ১৮ আগস্ট পর্যন্ত কোন কোন কোম্পানি আইপিএলের টাইটেল স্পনসরের জন্য বিড জমা দেয়। শেষমেশ কে হবে আইপিএলের টাইটেল স্পনসর সেই দিকেই নজর থাকবে সকলের। যদিও পুরোপুরিভাবে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ ছাড়েনি চিনা মোবাইল সংস্থা ভিভো। এই বছর না করলেও আবারও ২০২১ সালে ফিরবে তারা। আর এর ফলে ভারতীয় বোর্ডের সাথে ভিভোর স্পনসরশিপ চুক্তির মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০২৩ অবধি।

RELATED Articles

Leave a Comment