করোনার জেরে চলছে দেশব্যাপী একুশদিনের লকডাউন। এরই মাঝে দেশজোড়া ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। রাহুল জানান, ‘করোনার লকডাউন পর্বে রাজ্যের বহু এলাকায় মানুষের খাদ্য সঙ্কট তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজনীতির রং দেখে খাবার বিতরণের অভিযোগ উঠছে। রাজ্যের গরিব মানুষের মধ্যে বণ্টনের জন্য কেন্দ্রীয় সরকার যে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠাচ্ছেন তার সমবণ্টন হচ্ছে না। পক্ষপাতিত্ব করা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি উনি জেলাশাসক, মহকুমা শাসকদের কড়া নির্দেশ দিন ত্রাণ সামগ্রী নিয়ে যেন দলবাজি না হয়। দলীয় নেতৃত্বকেও তিনি একই নির্দেশ দিন।’ তাঁর বক্তব্য ‘এখন রাজনীতির সময় নয়। মানুষ বাঁচলে তবে তো রাজনীতি। নাহলে কাদের নিয়ে রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমি চিঠিতে আরও একটি বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি। তা হল ভিন রাজ্যে আমাদের রাজ্যের বহু বাসিন্দা আটকে পড়েছেন। তাঁরা কেউ কাজের খোঁজে, কেউ বা চিকিৎসার জন্য, কেউ বা বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এ বিষয়ে একটা হেল্পলাইন চালু করুন।’





