বিজেপির সাংগঠনিক বৈঠকে বচসা-হাতাহাতি, মৃত্যু যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকারের

হেস্টিংসের কার্যালয়ে চলছিল বিজেপিএ সাংগঠনিক বৈঠক। এই বৈঠক চলাকালীনই বেঁধে যায় হাতাহাতি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ে যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার। দ্রুতই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, সোমবার হেস্টিংসে তিন জেলার নেতৃত্বের সঙ্গে যুবমোর্চার রাজ্য নেতাদের সাংগঠনিক বৈঠক ছিল। এই বৈঠকে একটি ডায়েরি নিয়ে শুরু হয় ঝামেলা। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি গড়ায় হাতাহাতির পর্যায়তেও।

আরও পড়ুন- করোনাকে বুড়ো আঙুল দেখিয়েই তৃণমূলের বিজয় মিছিলে অশ্লীল নাচ, সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ অগ্নিমিত্রার

এসবের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন রাজু সরকার। ফলে তিনি বৈঠক ছেড়ে চলে যান। তবে কিছুক্ষণ পর আবার বৈঠকে যোগ দেন। কিন্তু তখনও ফের অসুস্থ বোধ করায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। এরপর সিঁড়ির কাছে গিয়েই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

দ্রুতই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রাজু সরকারের।

বিজেপিতে বেশ পরিচিত মুখ ছিলেন রাজু। মুকুল রায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৭ সালের নভেম্বরে মুকুল রায়ের সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজু। তবে বিধানসভা ভোটের পর মুকুল বিজেপি-ত্যাগ করলেও গেরুয়া শিবিরেই থেকে যান তিনি। সম্প্রতি বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল।

আরও পড়ুন- জোট বেঁধে একসঙ্গে লড়ার পরই ওঁরা একে অপরের বিরোধিতা করে, বিজেপি বিরোধী দলগুলির একজোট হওয়া নিয়ে খোঁচা বিজেপি

রাজুর প্রয়াণে পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তেমনই একজন ফেসবুকে লেখেন, “গতকাল দেখা হয়েছিল রাজু সরকার দাদার সঙ্গে, জীবন্ত মুখটি এখনও সত্যি বিশ্বাস করতে পারছি না। পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার আজকে হঠাৎ সকলকে চিরতরে বিদায় জানিয়ে পরলোক গমন করল। ভগবান কাছে ওনার আত্মার শান্তি কামনা করি”। রাজু সরকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির অনুপম হাজরা ও লকেট চট্টোপাধ্যায়ও।

RELATED Articles