মুখ্যমন্ত্রীকে রাজনীতি বন্ধ রাখার অনুরোধ বিজেপি নেতা সুরজিৎ চৌধুরি’র

করোনার জেরে এখন মানুষ এমনিতেই আতঙ্কিত, তার মধ্যে দেশকে সুরক্ষিত রাখতে চলেছে লকডাউন। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য কেন্দ্র রেশনের ব্যবস্থা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই রেশন নিয়েই হচ্ছে দুর্নীতি। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বৃহস্পতিবার রাজ্যের বিরুদ্ধে রেশনে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এইভাবেই সরব হয়েছিলেন বিজেপি নেতা সুরজিৎ চৌধুরি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য ১.২৫ লক্ষ টন রেশন বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু তার পরেও মানুষ রেশন পাচ্ছেন না ঠিক করে। যেখানে ৫ কেজি চাল বরাদ্দ হয়েছে, সেখানে মানুষ ১ কেজি, ২ কেজি চাল পাচ্ছে। তাহলে সেই রেশন যাচ্ছে কোথায়!

পাশাপাশি রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গেও প্রথমে যে ব‍্যাবহার করেছে রাজ‍্য তাই নিয়ে অভিযোগ তুলে সুরজিৎবাবু বলেন, যেখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছেন, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে অসহযোগিতার অভিযোগ উঠছে। আমার মতো আরও অনেক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর এই অসহযোগিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, অথচ রাজ্যের শাসনভার যাদের হাতে তাদের কোনও হেলদোল নেই।

সুরজিৎবাবু এদিন কটাক্ষের সুরে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, এই সময় অন্তত রাজনীতি বন্ধ করুন। এখনও রাজ্যের শাসকদলের ভূমিকায় আপনারা আছেন রাজ্যের মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার জন্য তাদের পাশে থাকুন। পাশাপাশি তিনি রাজ্যে পুলিশের প্রশংসা করে বলেন, ওঁনারা খুব ভালো কাজ করছেন। তবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ যাতে ওঁনারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন সেই সুযোগটাও যেন দেওয়া হয়।

আরও অন্যান্য খবর