পাকিস্তান থেকে জম্মু–কাশ্মীরে ঢুকছে করোনা আক্রান্ত রোগী, চাঞ্চল্যকর দাবি কাশ্মীরের পুলিশ প্রধানের।

পাকিস্তান নাকি ভারতে করোনা ছড়াতে রোগীদের পাঠাচ্ছে। এমনটাই দাবি জম্মু–কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং-এর। তিনি গান্ডেরবাল জেলার একটি কোয়ারানটাইন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই তিনি দাবি করেন, ‘সব কিছু সামনে চলে এসেছে। এর আগে পাকিস্তান কাশ্মীরে জঙ্গি পাঠাত। কিন্তু এখন সেখানে করোনাভাইরাস রোগীদের পাঠাচ্ছে ওই অঞ্চলে এই রোগ ছড়িয়ে দিতে। এটা খুব উদ্বেগজনক এবং আমাদের এটা সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে।’

সপ্তাহখানেক আগেই সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছিলেন, গোয়েন্দা সূত্রে তাঁরা খবর পেয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে-তে করোনা আক্রান্তদের পাঠাচ্ছে পাকিস্তান। তারপরই জম্মু–কাশ্মীর পুলিশ প্রধানের এই দাবি নিঃসন্দেহে উদ্বেগের সঞ্চার করেছে প্রশাসন এবং সেনাবাহিনীর মনে। প্রসঙ্গত, পিওকে-র মীরপুর জেলায় ইতিমধ্যেই ৫০জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এবং জম্মু–কাশ্মীরে এখন‌ও পর্যন্ত এই ভাইরাসে মোট ৪০০জন আক্রান্ত হওয়ার খবর রয়েছে।

আরও অন্যান্য খবর