বিধানসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘চোর’ স্লোগান, তৃণমূলের ৬০ জন বিধায়কের বিরুদ্ধে দায়ের এফআইআর, মুখ্যমন্ত্রীও রয়েছেন নাকি তালিকায়?

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে বিধানসভায় কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেন তৃণমূল বিধায়করা। এদিন সেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করা হয়। ‘চোর’ বলে স্লোগান দেওয়া হয়। সেই কারণে এবার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল বিজেপি।

বিজেপি বিধায়করা মমতা চোর লেখা টিশার্ট পরে প্রতিবাদ জানানোয় মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার তৃণমূলের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র উদ্দেশে ‘চোর’ স্লোগান দিয়ে মর্যাদা হানি করেছে তৃণমূল, এই অভিযোগে দায়ের হয়েছে এফআইআর।

দু’টি পৃথক  ফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। মালতী দেবীর অভিযোগপত্রে গত ৩০ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ পত্রে ২৯ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়কের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বেচারাম মান্না, অসীমা পাত্র ও বীরবাহা হাঁসদারা এমন কাজ করেছেন। তাঁর দাবী, প্রধানমন্ত্রীকে চোর বলা হয়েছে, বিজেপিকে চোর বলা হয়েছে।

গতকাল, মঙ্গলবার রাতে এই অভিযোগের কপি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাতে লেখেন, “চাঁদের দিকে থুতু দিলে নিজের মুখেই পড়ে। এই ব্যবহারের জন্য এক দিন পস্তাতে হবে। শুধু সেই দিনের অপেক্ষা”। শুভেন্দু এও উল্লেখ করেন যে তৃণমূলের চোররা এই কাজ করেছেন। তবে মমতার পুলিশ কোনও ব্যবস্থা নেবে না, পদক্ষেপ করবে না বলে জানান তিনি। তাঁর এহেন কাজে বেশ সন্দেহ দানা বেঁধেছে।

আরও অন্যান্য খবর