লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে, অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আর এক বিজেপি বিধায়ক

ফের বড় ভাঙন গেরুয়া শিবিরে। দ্বাদশীর সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। এদিন ক্যামাক স্ট্রীটে অভিষেকের দফতরে তাঁর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন তিনি।

এদিন তৃণমূলে যোগ দিয়ে বিজেপির কোতলপুরের বিধায়ক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই এই সিদ্ধান্ত”। প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন হরকালী প্রতিহার। কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ে জিতেছিলেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় কোতুলপুর বিডিও অফিস কার্যালয়ের সামনে তাঁর গাড়ি আক্রান্ত হয়।

সূত্রের খবর, পুজোর আগে থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন হরকালী প্রতিহার। দলবদলের ইচ্ছেও প্রকাশ করেন। এরপরই দলীয়স্তরে খোঁজখবর নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এদিন বিজেপি বিধায়করে দলে যোগদানের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লেখে, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজের করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব”।

প্রসঙ্গত, বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এর ঠিক আগে এভাবে বিজেপি বিধায়কের দলবদল যে গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিকে ফেলবে, তা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনের আগে একদিকে শক্তি ক্ষয় হল বিজেপির আর অন্যদিকে শক্তি বৃদ্ধি পেল ঘাসফুল শিবিরের।

RELATED Articles