‘বিয়েবাড়ি গেলে অনেক মানুষই তো ছবি তোলে’, শুভেন্দুর সঙ্গে কংগ্রেস নেতার ছবি দেখানোর ঘটনায় অভিষেককে পাল্টা তোপ দিলীপের

সামনেই সাগরদিঘিতে (Sagardighi) উপনির্বাচন। এই কারণে নির্বাচনী প্রচারে গতকাল, রবিবার সাগরদিঘিতে একটি জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাগরদিঘিতে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিজেপি ও বাম-কংগ্রেসের জোট (BJP-CPM-Congress alliance)। এদিনের এই সভা থেকে বিরোধীদের এই আঁতাত নিয়ে কটাক্ষ করেন অভিষেক। শুধু তাই-ই নয়, নিজের দাবী সপক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর একটি ছবিও দেখান তিনি। এবার এই নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রবিবার সাগরদিঘির সভা থেকে অভিষেক বলেন, “কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপির জোট হয়েছে। আমি তথ্য পেশ করব। যদি প্রমাণ করতে না পারি মানহানির মামলা হোক”। এরপরই একটি ব্যানারটি দেখান অভিষেক। সেখানে বাম-কংগ্রেস জোট প্রার্থীর সঙ্গে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। এই জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “রাম-বাম চোরে চোরে মাসতুতো ভাই”।

এই প্রসঙ্গেই আজ, সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “এ সব গল্প আগে মুখ্যমন্ত্রীও বলেছেন। এসব বলে কী লাভ? মানুষ সরে যাচ্ছে। তাই নিত্যনতুন তত্ত্ব খাড়া করতে হচ্ছে। যাতে মুসলিম ভোট ভাগ না হয়, তার জন্য এ সব তত্ত্ব। এতদিন মুসলিমদের এনআরসি বা বিজেপির ভয় দেখাতেন। বাংলার মানুষ সচেতন। সব বোঝেন। শুভেন্দুর সঙ্গে যে ছবি দেখানো হয়েছে, তাতে কী প্রমাণ হয়? আমি বিয়েবাড়ি গেলে অজস্র লোক আমার সঙ্গে ছবি তোলে। তার মানে কি এই যে আমি ওই দলে চলে গিয়েছি”?

এদিন অভিষেকের প্রসঙ্গ ছাড়াও রাজ্যের অন্যান্য বিষয় নিয়েও নিজের মতামত জানান দিলীপ ঘোষ। বলেন, “সরকার অযোগ্য, অপদার্থ। মানুষ প্রতিবাদ করলেই নানারকম ভয় দেখায়।  আপনার যোগ্যতার তো প্রমাণ হয়ে গেছে। যারা যোগ্যতার সঙ্গে কাজ করেন, তাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন। সারা দেশের সরকারি কর্মীরা তাদের প্রতি সহমর্মী। কর্মচারিদের অধিকার লঙ্ঘিত হলে সমস্ত কর্মচারি পাশে দাঁড়াবেন”।

অন্যদিকে, গতকাল, রবিবার গুলি করে খুন করা হয়েছে বিষ্ণুপুরের তৃণমূল নেতাকে। এই ঘটনা প্রসঙ্গে সরকারকে শানিয়ে দিলীপ বলেন, “আপনি যদি বোমা, বন্দুক নিয়ে খেলা করেন, তা একদিন আপনার দিকেই আসবে”।

আরও অন্যান্য খবর