ফের আক্রমণের মুখে আশ্রমের সন্ন্যাসী। এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে উঠল রামকৃষ্ণ মঠের এক সন্ন্যাসীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। বিজেপির তরফেও জানানো হয়েছে, তারা এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করে না।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ে। জানা গিয়েছে, গতকাল, রবিবার সিতাইয়ের রামকৃষ্ণ মঠে গিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন এলাকার দুই বাসিন্দাও। সেই সময় মঠের এক সন্ন্যাসী বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিতর্কে জড়ান বিজেপি সাংসদ।
অভিযোগ, এরপরই ওই সন্ন্যাসীকে গালিগালাজ করতে থাকেন অনন্ত মহারাজ। এমনকি, সন্ন্যাসীর গায়ে হাতও তোলেন তিনি। আশ্রমে ঢুকে এক সন্ন্যাসীকে এভাবে শারীরিক হেনস্থা করার ঘটনায় এলাকাবাসীরা তীব্র ক্ষোভ জারি করেছেন। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের কথায়, অনন্ত মহারাজ এই এলাকায় বহিরাগত। সন্ন্যাসীকে এভাবে হেনস্থা করার ঘটনায় তাঁকে আশ্রমে গিয়ে সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে। এমনকি, অনন্ত মহারাজের শাস্তির দাবী তুলে রাজ্য সড়কও অবরোধ করেন গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ আশ্রমের পড়ুয়া ও অন্যান্য আবাসিকরাও।
এই ঘটনায় বিজেপিকে বিঁধতে দেরি করে নি তৃণমূল। এই ঘটনা প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, “এই ঘটনা কখনও মেনে নেওয়া যায় না। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অনন্ত মহারাজ একজন ভণ্ড তাঁর কোনও জনসমর্থন নেই”।
আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের ‘দ্রোহ কার্নিভাল’ প্রত্যাহারের আর্জি মুখ্যসচিবের, পাল্টা মেইলে জবাব দিল চিকিৎসক সংগঠন, কী সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের?
বিজেপির তরফেও জানানো হয়েছে এই ধরণের ঘটনাকে তারা কোনওভাবেই সমর্থন করেন না। এই ঘটনাকে অনন্ত মহারাজের ব্যক্তিগত বিষয় বলে আখ্যা দেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। তাঁর কথায়, “বিজেপি কোনও অন্যায়কে সমর্থন করে না। আমরা আশ্রমের মহারাজের সঙ্গে আছি। অনন্ত মহারাজ যা করেছেন অন্যায় করেছেন”।





