আমফান পরবর্তী বাংলার দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে বিজেপি সাংসদের নিশানা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একে একে সরকারের ব্যর্থতা তুলে ধরলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। একইসঙ্গে তিনি বার্তা দিলেন বিকল্প সরকার গড়ার সময় এসেছে। এবার সেই লক্ষ্যেই বিজেপির তৈরি হওয়া উচিত।
স্বপন দাশগুপ্ত বলেন, তৃণমূলের কংগ্রেস সরকার সম্পূর্ণ ব্যার্থ সাইক্লোন মোকাবিলায়। এই সরকার প্রথম থেকে একেবারেই তৈরি ছিল না। তার ফল ভুগতে হচ্ছে এখন। আমফান তাণ্ডব চালিয়ে যাওয়ার পর কেটে গিয়েছে পাঁচদিন। এই পাঁচদিনেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখনও অনেক জায়গায় আসেনি বিদ্যুৎ-জল। তাই বিপাকে বাংলার মানুষ।
বিজেপি সাংসদের কথায়, এটি এখন স্পষ্ট যে রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে সেনাবাহিনী অসামান্য কাজ না করলে কলকাতার বৃহৎ অঞ্চলগুলি এখনও বিদ্যুৎহীনই থাকত। তৃণমূল সরকারের অযোগ্যতা নাগরিকদের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তাই কোনও বিকল্প সরকারের জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে।
স্বপন দাশগুপ্তের কথায়, তৃণমূলের ব্যর্থতার ফাঁক দিয়েই বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে। বিজেপিকে এর জন্য প্রস্তুত হতে হবে এখন থেকেই। মহামারী থেকে মহাপ্রলয়ের মোকাবিলায় তৃণমূলের ব্যর্থতাই ২০২১-এর লড়াইয়ে বিজেপিকে এগিয়ে দেবে অনেকটা। সেই কাজটাই সুচারুভাবে করতে হবে বিজেপিকে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর মোদী-মমতা একসঙ্গে সফর করেছেন। বাংলার পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর একইসঙ্গে মহামারী ও মহাপ্রলয় মোকাবিলায় দারুন কাজ করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা মমতার বিরুদ্ধে খড়্গহস্ত হচ্ছেন প্রতি পদে পদে।





