বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরুর আগেই ঘটে গেল এক বিশৃঙ্খল ঘটনা। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। এর জেরে সময়মত ভাষণ শুরু করতেই পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। অধিবেশন শুরুর আগে এই ধরণের ঘটনা নজিরবিহীন।
অনেক টালমাটাল ঘটনার পর আজ, সোমবার বিধানসভায় শুরু হয় বাজেট অধিবেশন। নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু আগে রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। কিন্তু এর আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। কিছুক্ষণের জন্য স্পিকারের আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যপাল।
কিন্তু ক্রমেই বাড়তে থাকে বিরোধীদের বিক্ষোভের আঁচ। পুরভোটে অশান্তির অভিযোগ তুলে সুর চড়াতে থাকেন তারা। তাদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জেরে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
জানা গিয়েছে, জগদীপ ধনকড়কে আটকান অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এরা। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর অনুরোধে ফের আসনে ফেরেন রাজ্যপাল। এরপর বিক্ষোভ থামাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডাকেন তিনি। তাদের সমস্যার কথা জানতে চান রাজ্যপাল।
এদিকে তৃণমূলের একাংশও বিজেপির লাগাতার স্লোগানের পালটা দিতে থাকে। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে এই বিক্ষোভের মাঝেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দাবী করেছেন যে রাজ্যপাল তাঁর ভাষণ পেশ করেছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছিলে রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর ভাষণ যাতে সরাসরি সম্প্রচার করা যায়, এমনটাই দাবী জানিয়েছিলেন তিনি। সেই সময় স্পিকার কোনও সিদ্ধান্ত না নিলেও এদিন রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়নি।





