বিরিয়ানি কাণ্ড! মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে আসা পড়ুয়াদের দেওয়া হল পচা বিরিয়ানি, ক্ষোভ-আন্দোলন বিজেপির

পচা বিরিয়ানি বিলিকে কেন্দ্র করে এবার সরগরম রাজ্য-রাজনীতি। পড়ুয়াদের পাতে নষ্ট হয়ে যাওয়া পচা বিরিয়ানি নিয়ে শিলিগুড়ির রাজনীতিতে তুমুল শোরগোল পড়েছে। এই পচা খাবার বিলির প্রতিবাদে এবার পথে নামল বিজেপি।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানে যোগ দিতে আসা পড়ুয়াদের পচা বিরিয়ানি বিলি করা হয়েছে। এই নিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকরা। এবার এই ঘটনার প্রতিবাদে ক্ষোভ আন্দোলনে নামল গেরুয়া শিবির।

গতকাল, বুধবার পচা বিরিয়ানি ইস্যুতে বাঘাযতীন পার্কের সামনে আন্দোলনে নামে বিজেপি। এদিন সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই কর্মসূচির দায়িত্বে ছিলেন। এদিন তিনি বলেন, “তাঁদের সতর্ক থাকা উচিত। কিন্তু সতর্ক থাকার বদলে তাঁরা এব্যাপারে অন্যের দিকে আঙুল তুলছেন। সরকারি পয়সায় ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সভায় লোক ডাকলে কেউ আসেন। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে দফারফা করে দেওয়া হয়েছে। কবে হাল ফিরবে জানিনা। শিলিগুড়ির সবস্তরের মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নামবে”।

এই ঘটনা প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, “মঙ্গলবার হাজার হাজার পড়ুয়া এসেছিল। হঠাৎ গরম পড়েছে। গরমের কারণে কিছু বিরিয়ানি খারাপ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বদল করে অন্য খাবার দেওয়া হয়েছে। যাদের কাজ নেই তাঁরা ওই নিয়ে রাস্তায় নেমেছে”।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভাষা দিবসে শিলিগুড়িতে অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের। এদিন এই অনুষ্ঠানের জন্য শিলিগুড়ি শিক্ষা জেলার ১২টি স্কুলের ১০৪০ জন পড়ুয়াকে আনা হয়েছিল। ওই পড়ুয়াদের জন্য মধ্যাহ্ন ভোজ হিসেবে বিরিয়ানির ব্যবস্থা করে অনগ্রসর কল্যাণ দফতর। কিন্তু সেই খাবারের গুণগত মান নিয়ে ওঠে প্রশ্ন।

বিরিয়ানির প্যাকেট খুলতেই দেখা যায় সেই খাবার পচে গন্ধ বেরোচ্ছে। খাবার মুখে তুলতে পারে না কেউই। ফেলা যায় প্রচুর প্যাকেট খাবার। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান, বিরিয়ানি প্যাকেট খুলতেই পচা গন্ধ নাকে লাগে। তবে খাবারের গুণগত মান নিয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে জানানো হলে তারা খাবার বিলি বন্ধ রাখেন। সেই ঘটনার প্রতিবাদেই এদিন আন্দোলনে নামে বিজেপি।

RELATED Articles