একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন তার কর্মীরা সর্বতোভাবে দলের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। অতীতে এরকম অনেক উদাহরণ শোনা গিয়েছে যে দলের কাজ করবার জন্য পরিবারকে সরিয়ে রেখেছেন অনেক ব্যক্তি। তাদের কাছে দলই সব। দলের কর্তব্য পালন করা তাদের কাছে শিরোধার্য। এবার এরকমই এক উদাহরণ দেখা গেল রাজ্য বিজেপিতে।

আজ করোনা আক্রান্ত হয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং এর বাবা রাম নারায়ণ সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। তিনি আরএন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন। এই খবর পাওয়ার পরে রাজ্য বিজেপিতে শোকের ছায়া নেমে এসেছে। তবে একটি ঘটনা অবাক করে দিয়েছে বিজেপির কর্মীদের।

গতকাল নবান্ন অভিযান এর সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন সঞ্জয় সিং। অনেকেই জানতেন না তাঁর বাবা হাসপাতালে ভর্তি আছেন। বাবার অসুস্থতা সত্ত্বেও যেভাবে সঞ্জয় সিং দলকে প্রাধান্য দিয়ে কালকে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের আক্রমণের সামনে পড়েছেন তার জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছেন দলের কর্মীরা। নিজের প্রিয় নেতার এহেন আত্মত্যাগ দেখে তারা সকলেই উদ্বুদ্ধ হয়েছেন। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজেপির উচ্চস্তরের নেতৃত্ব এবং সেইসঙ্গে সঞ্জয় সিং এর দলীয় কর্তব্যের প্রতি অবিচল থাকার সিদ্ধান্ত এবং তার দলের প্রতি নিষ্ঠা দেখে তাকে সম্মান জানাচ্ছেন দলের উচ্চস্তরের নেতৃত্ববৃন্দ।






