আর এই হাই ভোল্টেজ দলবদল উপলক্ষ্যে যোগদানের ঠিক ১ সপ্তাহ পর শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দিতে চলেছে গেরুয়া শিবির। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতার হেস্টিংসে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নবাগতদের সংবর্ধনা দেবেন বিজেপি নেতারা।
জানা গিয়েছে, শনিবার বেলা ১২টায় শুভেন্দু অধিকারী-সহ ৯ বিধায়ক, সাংসদ সুনীল মণ্ডল ও প্রাক্তন সাংসদ দশরথ তিরকিকে সংবর্ধনা দেবে বিজেপি। দলীয় সূত্রে খবর, এর পর কৈলাস বিজয়বর্গীয়’র সঙ্গে বৈঠকে বসবেন নবাগতরা। সেখানে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেবেন বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক। বৈঠকে গত শনিবার বিজেপিতে যোগদানকারী ৪৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আর এর পরই দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ৮ জানুয়ারি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কী ভাবে শুভেন্দুর গড় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করা হবে তৈরি হতে পারে তার রণকৌশলও।





