অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে ভারত ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলবে। পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন বিরাট কোহলি। বিরাট কোহলির নেতৃত্বে অ্যাডিলেড টেস্টে ভারত ৮ উইকেটের পরাজয়ের শিকার হয়েছিল। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি ৭৪ রান করেছিলেন এবং সেই ইনিংসে অজিঙ্ক রাহানের ভুলের কারণে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট ফিরেছিলেন। বিরাটের রানআউট ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং ভারতের পরাজয়েরও একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। মেলবোর্ন টেস্টের আগে এই রানআউট সম্পর্কে তিনি বিরাটকে কী বলেছিলেন, সেই কথাই জানালেন রাহানে নিজেই।
মেলবোর্ন টেস্টের একদিন আগে রাহানে বলেছেন, “ওই দিনের খেলা শেষ হওয়ার পরে আমি বিরাটের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছিলাম, তবে তিনি একেবারে ঠিক ছিলেন, তিনি এ নিয়ে রাগ করেননি। আমরা দুজনেই জানতাম যে আমরা কোন পরিস্থিতিতে আছি, আমরা ভাল খেলছিলাম, তবে ক্রিকেটে এ জাতীয় ঘটনা ঘটে থাকে, আপনাকে এটাকে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।” রাহানে স্বীকার করেছেন যে রানআউটটি ম্যাচ থেকে ভারতকে দূরে সরিয়ে দিয়েছিল এবং অস্ট্রেলিয়া মাত্র আড়াই দিনের মধ্যে আট উইকেটে হারিয়ে দেয় তাদেরকে। “এটি খুব কঠিন ছিল, আমরা সেই সময় খুব ভাল খেলছিলাম, আমাদের পার্টনারশিপ ভাল চলছে এবং আমি দেখতে পাচ্ছি রানআউট ম্যাচটিতে অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছিল” তিনি বলেন।
ম্যাচের একদিন আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশও ঘোষণা করা হয়েছে। শুভমান গিল এবং মহম্মদ সিরাজের মেলবোর্নে টেস্ট ক্রিকেটে অভিষেক করবেন। একই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থও দলে জায়গা পেয়েছেন। ভারতের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।





