বড় সুখবর যোগ্য চাকরিহারাদের জন্য! মোদীর নির্দেশেই এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে বিজেপি, যোগ্যদের চাকরি বাঁচবে তো?

BJP to help the capable candidates: চাকরি বাতিল নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। এই নিয়ে যখন তুমুল চর্চা চলছে, সেই সময় যোগ্য চাকরিহারাদের জন্য বিশেষ উদ্যোগ নিল বিজেপি।

যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে এবার আইনিভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। বিজেপির তরফে তৈরি করা হয়েছে লিগ্যাল সেল। পাঁচ সদস্যদের নিয়ে তৈরি হবে সেই সেল। এই সেলে রয়েছেন পাঁচজন আইনজীবী। এরা হলেন- তীলক মিত্র, রাহুল সরকার, কৌস্তভ চট্টোপাধ্যায়, সহশ্রাংশু ভট্টাচার্য ও সুকান্ত চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, আগামী বুধবার থেকে যোগ্য চাকরিহারাদের জন্য একটি পোর্টাল খোলা হবে। যদি প্রয়োজন পড়ে, তাহলে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবে গেরুয়া শিবির।

এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপি-র যে লিগাল সেল রয়েছে তার পক্ষ থেকে আমরা পাঁচ সদস্যের দল তৈরি করেছি। একটি বিশেষ পোর্টাল আগামী বুধবার লঞ্চ করা হবে। এই পোর্টালে যে পরীক্ষার্থীরা নিয়োগ পেয়েছিলেন, যাঁদের চাকরি চলে গিয়েছে তাঁরা তাঁদের নাম রেজিস্ট্রার করতে পারেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে যত প্রকার আইনি সহযোগিতা করার হয় করব। বিজেপির পক্ষ থেকে আইনি সহযোগিতার পাশাপাশি আর্থিক খরচও বহন করা হবে”।

২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হওয়ার পর বাংলায় প্রচারে এসে এই লিগ্যাল সেলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথা অনুযায়ীই তৈরি হচ্ছে এই সেল। সেই সময় তিনি বলেছিলেন, “শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অনেক যোগ্য প্রার্থী মুশকিলে পড়েছে। আমি বাংলার বিজেপির সভাপতিকে বলেছি ওই সমস্ত যোগ্যদের কীভাবে সাহায্য করা যায় দেখতে। একটা লিগাল সেল ও একটা সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম তৈরি করতে বলেছি”।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের পর এই নিয়ে কটাক্ষ শানিয়েছিল তৃণমূল। কোর্টের রায়কেই বেআইনি বলে দাবী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এও বলেছিলেন, বিজেপির নির্দেশেই নাকি এমন রায় দিয়েছে আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। আগামীকাল, সোমবার এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে।

RELATED Articles