যেন এক ধনুক ভাঙা পণ নিয়েছে বিজেপি। মুকুল রায় যতদিন পিএসি’র চেয়ারম্যান পদে থাকবেন, ততদিন সেই কমিটির বৈঠকে যোগ দেবে না গেরুয়া শিবির। এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিজেপির তরফে।
নানা চেষ্টা সত্ত্বেও মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরাতে পারে নি বিজেপি। এখনও তিনিই রয়েছেন চেয়ারম্যান। এই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হল গেরুয়া শিবিরের তরফে। একথা রাজ্যপাল জগদীপ ধনখড়কেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এর আগেও এই বৈঠক বয়কট করা হয়েছিল। এই গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ বিজেপি। এই কারণে বিধানসভায় অনুষ্ঠিত হতে চলা পিএসি’র দ্বিতীয় বৈঠকও বয়কট করলেন শুভেন্দু অধিকারী ও নানান বিজেপি বিধায়করা। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৩ই আগস্ট পিএসি’র দ্বিতীয় বৈঠক হওয়ার কথা।
এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে যদি মুকুল রায়কে সরানো না হয়, তাহলে বিজেপি এই কমিটির বৈঠকে যোগ দেবে না। শোনা যাচ্ছে, এই দ্বিতীয় বৈঠকে হয়ত মুকুল রায় সশরীরে উপস্থিত থাকতে পারেন। এই পিএসি’র তৃতীয় বৈঠক হতে পারে ২৭শে আগস্ট, এমনটাই শোনা যাচ্ছে।
আরও পড়ুন- রাজ্যে অব্যাহত একের পর এক অশান্তি, এদিকে মমতা পেলেন রোমে বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রণ
এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “তৃণমূল কংগ্রেস রুল ৩০২ লঙ্ঘন করেছে। আইনজীবীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিজেপিও প্রস্তুত। সঠিক সময় এলেই আইনি পদক্ষেপ করা হবে। আমরা আত্মবিশ্বাসী, তৃণমূল কংগ্রেস বেআইনি কাজ করে পার পাবে না। আইনি লড়াইটা আমরা করব। আমরা ওই চেয়ারম্যানকে (মুকুল রায়) মানি না। তাই আমরা কেউ ওই চেয়ারম্যানকে স্বীকৃতি দিতে ওই বৈঠকে যাব না”।





