রাজ্যে অব্যাহত একের পর এক অশান্তি, এদিকে মমতা পেলেন রোমে বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রণ

ফের কোনও আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশ্ব শান্তি সম্মেলনে উপস্থিত থাকার জন্য রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও আমন্ত্রণ জানাল মমতাকে।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল-সহ আরও একাধিক শীর্ষ নেতৃত্বও। আগামী ৬ ও ৭ই অক্টোবর রোমে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন- ভুয়ো পঞ্চায়েত প্রধান সেজে ছবি তৃণমূল নেতার, ধরা পড়তেই বললেন, ‘মজা করছিলাম’, ব্যাপক শোরগোল জামুড়িয়ায়

এই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এ চিঠিতে সামাজিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের প্রশংসা করেছে কমিউনিটি সন্ত অফ এগিডিও। এমনকি, একুশের নির্বাচনে মমতার তৃতীয়বার জয়ের জন্যও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই চিঠিতে আরও লেখা হয়েছে, “গত ১০ বছর ধরে দেশের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং শান্তিবজায় রাখার ক্ষেত্রে আপনার অবদান অসামান্য। সমাজের পিছিয়ে পড়া, দুর্বলতম অংশের জন্য আপনার কাজ কমিউনিটি অফ সন্ত এগিডিও-র নজরে এসেছে। হৃদয় ছুঁয়ে গিয়েছে”। সমাজের নানান ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবদানকে কুর্নিশ জানিয়ে তাঁকে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে কমিউনিটি সন্ত অফ এগিডিও-র তরফে।

এই কমিউনিটি সন্ত অফ এগিডিও বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সারা বছর ধরে কাজ করে থাকে। এই কারণে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আগামী অক্টোবর মাসে রোমের বৈঠকে নানান ধর্মগুরুদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস। রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িবও। এই কারণেই এই একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের তরফে।

আরও পড়ুন- দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ধনখড়ের, রাজ্যপালের ঘন ঘন দিল্লি সফর বাড়াচ্ছে জল্পনা

তবে এই প্রথমবার নয়, এর আগেও আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদার টেরেসাকে সন্ত ঘোষণার দিন ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও, তাঁর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হয়। এবার মমতার শান্তি বজায় রাখার অবদানকে কুর্নিশ জানানো হল আন্তর্জাতিক সংগঠনের তরফে।

RELATED Articles