বোমাবাজিতে উড়ল বিজেপি কর্মীর মাথার খুলি, ফের উত্তপ্ত ভাটপাড়া, কাঠগড়ায় শাসকদল

ফের একবার বোমাবাজির কারণে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। এই জায়গা  বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক বলেই পরিচিত। বোমাবাজিতে প্রাণ হারিয়েছেন এক বিজেপি কর্মী। তাঁর মা-ও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

এই ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন অর্জুন সিং। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ যাদব। অর্জুন সিংয়ের দাবী, ওই ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক। তাঁর কথায়, মৃত ওই ব্যক্তি রাজনীতি করতেনই না।

আরও পড়ুন- ফাঁস বিজেপির অন্দরের অডিও ক্লিপ! দিলীপ ঘোষের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র

স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আজ, রবিবার দুপুরে ভাটপাড়ার মুক্তারপুর শ্মশানঘাট এলাকায় জয়প্রকাশকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। এই বোমাবাজির ফলে উড়ে যায় জয়প্রকাশের মাথার খুলি। সেই সময় তাঁর মা-ও তাঁর সঙ্গে ছিলেন। তিনিও গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে জয়প্রকাশকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মা এখনও চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন অর্জুন সিং। তিনি বলেন “রাজ্যের কী হাল হয়েছে দেখুন। প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে এক যুবককে। গুন্ডাদের জন্য লকডাউন নেই। ছিনতাই করবে, ডাকাতি করবে। এখানে মানুষ আর বাঁচতে পারবে না। খুন করে বেরাচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। টুনটুন, চন্দন সিং এবং লালন সিং নামে তিনজন মাথায় বোমা মেরেছে। খুনের জন্যই মাথায় বোমাবাজি”।

আরও পড়ুন- এবার এফআইআর দায়ের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে! গ্রেফতার হতে চলেছেন কী বিজেপি বিধায়ক?

তবে অর্জুন সিংয়ের এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করেছেন পার্থ ভৌমিক। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস বারাকপুরে জিতেছে, ওখানে কিছু হয়নি। অথচ ভাটপাড়ায় বিজেপি জিতেছে আর ওখানে রোজ অশান্তি হচ্ছে। তবে অর্জুন সিংয়ের মস্তানি বেশিদিন চলবে না। জয়প্রকাশ যাদব কোনও দল করতেন না। তাঁকে বোমা মারতে গিয়ে হাত উড়ে গিয়েছে বিজেপি কর্মীর। বিয়েবাড়িতে বোম মেরেছে অর্জুনের দলবল। এই গুন্ডামি ভাটপাড়ায় মানব না। অর্জুন সিং চর্তুদিকে বোমা মেরে বেড়াচ্ছে”। ‌

RELATED Articles