ফের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দিকে। ওই যুবকের বাড়িতেও চালানো হয় ভাঙচুর। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। ওই বিজেপি কর্মীর নাম সুরজিৎ দাস। অভিযোগ রণ, সুব্রত ও লিও নামের তিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়ি থেকে তুলে নিয়ে যায় সুরজিৎকে। এরপর বন্দুকের বাঁট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। সুরজিৎকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতারা। তৃণমূল দুষ্কৃতীদের শাস্তির দাবী করেন তাঁরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে গুলি ও বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিমতা। গুলি ও বোমার শব্দ পেয়ে রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বিজেপি নেত্রী শম্পা কুণ্ডু। তিনি জানান, কেউবা কারা পাড়ার মোড়ে শূন্যে চালিয়ে এলাকা সন্ত্রস্ত করার চেষ্টা করছে। পরে শম্পাদেবীর বাড়ির সামনেও বোমার স্প্লিনটার পড়ে থাকতে দেখা যায়।
আগামী বিধানসভা নির্বাচন প্রকট হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ছবি আরও স্পষ্ট হয়ে উঠছে। বিভিন্ন জায়গা থেকে মিলছে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার খবর। রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে উদগ্রীব রাজ্য সরকার। তাদের দিকে একের পর এক অভিযোগের আঙুল উঠছে। নানান ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে থেকেই বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি।





